https://www.prothomalony.com/
18164
north-america
যুক্তরাষ্ট্রের মিশিগানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) হ্যামট্রাম্যাক সিটির একটি রেস্টুরেন্টে মিশিগান বিএনপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে দলটির নেতাকর্মী ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্যের কমিউনিটি ব্যক্তিত্ব ও বিসিএনইউকের সাবেক সভাপতি পাশা খন্দকার, এমবিই। বক্তব্যে তিনি বলেন, বিএনপি জনগণের ভোটে নির্বাচিত সরকার এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী। জনগণের সঙ্গে সম্পর্ক বজায় রাখা, জবাবদিহিতার মাধ্যমে রাষ্ট্র পরিচালনা এবং দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়াকে তিনি বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে উল্লেখ করেন।
মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেলিম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাজী আব্দুর রকিব। পরে স্বাগত বক্তব্য দেন বিএনপি নেতা নাজমুল হাসানাত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুর খান হারুন এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সদস্য সচিব রেজাউল করিম নাচন।
এ সময় ইকবাল হোসেন চৌধুরী, তারেক আহমদ চৌধুরী, মাজহারুল ইসলাম ডালিম, মুস্তাফা খান, দিনার খান হাসু, ওয়াসিমুজ্জামান রনিসহ মিশিগান বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। বক্তারা দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কেক কেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ সময় নেতাকর্মীরা পরস্পরের সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বিনিময় করেন এবং দলের ঐক্য, সংহতি ও সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন