https://www.prothomalony.com/
18155
north-america
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০৬:০০
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেইল-ইন ভোটসংক্রান্ত পরিকল্পনা কার্যকর করার পথ আটকে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার আদালত পরিকল্পনাটি পুনর্বহালের আবেদন নাকচ করে দেওয়ায় নিম্ন আদালতের দেওয়া নিষেধাজ্ঞা বহাল রয়েছে।
ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এ নিয়ে তৃতীয়বারের মতো সুপ্রিম কোর্টের জরুরি বেঞ্চে আবেদন করা হয়েছিল। এর আগে আদালত ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে মামলা করার ক্ষেত্রে কয়েকটি অঙ্গরাজ্যের আইনগত অধিকার নিয়ে প্রশাসনের পক্ষে রায় দিয়েছিল। তবে এবার মামলাটি মূলত ইউএস পোস্টাল সার্ভিসের মাধ্যমে ওই নির্দেশনা বাস্তবায়ন নিয়ে।
সুপ্রিম কোর্টের সংক্ষিপ্ত আদেশে বলা হয়েছে, জেলা আদালতের প্রাথমিক নিষেধাজ্ঞার বিরুদ্ধে সরকারের আপিলে সফল হওয়ার সম্ভাবনা কম। ট্রাম্পের নিয়োগ করা বিচারপতি ব্রেট কাভানাও সংখ্যাগরিষ্ঠের সঙ্গে ভোট দিয়েছেন। তবে তিনি বলেন, পরিকল্পনাটি আইনসম্মত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু ২০২৬ সালের নির্বাচনের এত কাছে এসে এটি কার্যকর করা হলে রাজ্য ও স্থানীয় নির্বাচন কর্মকর্তাদের জন্য তা বাস্তবায়ন করা কঠিন হবে।
বিচারপতি ক্ল্যারেন্স থমাস ও স্যামুয়েল আলিটো এই সিদ্ধান্তের বিরোধিতা করেন। আলিটো বলেন, কয়েকজন মামলাকারীর মামলা করার আইনগত অধিকারই নেই।
ট্রাম্পের পরিকল্পনায় রাজ্যগুলোকে মেইল ব্যালট পাঠানোর জন্য ভোটারদের তালিকা জমা দিতে হতো। পাশাপাশি ডাক বিভাগের মাধ্যমে পাঠানো ব্যালটে নতুন কিছু শর্ত, যেমন সরকারি লোগো ও বারকোড, থাকার কথা ছিল।
ট্রাম্প গত মার্চে মেইল-ইন ভোটকে লক্ষ্য করে নির্বাহী আদেশ জারি করেন। তিনি দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন, ডাকযোগে ভোটের মাধ্যমে বড় ধরনের জালিয়াতি হতে পারে। তবে নির্বাচন কর্মকর্তারা সীমিত কিছু জালিয়াতির ঘটনা শনাক্ত করলেও ট্রাম্পের দাবি করা ব্যাপক মাত্রার জালিয়াতির প্রমাণ পাওয়া যায়নি।
পরিকল্পনাটির বিরোধী অঙ্গরাজ্যগুলো বলছে, নভেম্বরের নির্বাচনের আগে নতুন নিয়ম বাস্তবায়ন করা প্রায় অসম্ভব। এতে লাখ লাখ ভোটার মেইল-ইন ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন বলেও তারা আশঙ্কা প্রকাশ করেছে।
মামলাটি এখন পর্যন্ত তিনবার সুপ্রিম কোর্টের জরুরি বেঞ্চে উঠেছে। প্রতিবারই বস্টনের ফেডারেল জেলা আদালতের বিচারক ইন্দিরা তালওয়ানি ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা আটকে দেওয়ার পর সরকার উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে।
এদিকে, ওয়াশিংটন ডিসির আরেক ফেডারেল বিচারক কার্ল নিকোলস রোববার পৃথক মামলায় দেশজুড়ে ট্রাম্পের মেইল-ইন ভোট নীতি আটকে দিয়েছেন। তবে ওই রায়ের বিরুদ্ধে এখনো সুপ্রিম কোর্টে আবেদন পৌঁছায়নি।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন