https://www.prothomalony.com/
18100
north-america
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৩৩
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা ও বিদ্রোহী চেতনার আদর্শ উত্তর আমেরিকায় বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২১তম নর্থ আমেরিকা নজরুল সম্মেলন। আগামী ১৯ ও ২০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার 'রিচার্ড জে আর্নস্ট কমিউনিটি কালচারাল সেন্টারে' দুই দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এবারের সম্মেলন আয়োজনের দায়িত্ব পেয়েছে 'বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আমেরিকা, ইনক' (বাাই)। সম্মেলনে আহ্বায়কের দায়িত্ব পালন করছেন সংগঠনটির সভাপতি দিলশাদ চৌধুরী (ছুটি)।
সংগঠনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ ও উত্তর আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বিশিষ্ট কবি, সাহিত্যিক, শিল্পী, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশ নেবেন। এতে বাংলাদেশের প্রখ্যাত নজরুলসংগীতশিল্পী ও গবেষক খায়রুল আনাম শাকিল, লিনা তাপসী, প্রিয়াঙ্কা গোপ, নজরুলের নাতনি অনিন্দিতা কাজী, সামিহা মাহবুব এবং সেতারশিল্পী আলিফ লায়লাসহ অনেকেই উপস্থিত থাকবেন।
সম্মেলনে শিশুদের প্রশিক্ষণ দিয়ে নজরুলের গান ও সৃষ্টিকে কেন্দ্র করে বিশেষ নৃত্য পরিবেশন করবেন নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাব। এ ছাড়া স্থানীয় বাংলাদেশি নৃত্য সংগঠন 'নৈপুণ্য' ও কলকাতার 'তাথৈ' বিশেষ পরিবেশনায় অংশ নেবে। নিউইয়র্ক, নিউজার্সি ও হিউস্টনসহ বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা শিল্পীদের একক ও দলীয় আবৃত্তিও থাকবে এই আয়োজনে।
সম্মেলনে কবির সাহিত্য, সংগীত, দর্শন ও সমাজচিন্তা নিয়ে আয়োজিত সেমিনার ও আলোচনা সভায় প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আয়োজকেরা প্রবাসে বসবাসরত সর্বস্তরের মানুষকে পরিবারসহ এই সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। টিকিট সংক্রান্ত তথ্য ও বিস্তারিত পাওয়া যাবে সংগঠনের ওয়েবসাইট (www.baai-dc.org)-এ।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন