https://www.prothomalony.com/
18054
north-america
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৪১
জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্ক বাংলাদেশী-আমেরিকান লায়ন্স ক্লাবের নতুন কমিটির অভিষেক ও ক্লাবটির ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় নিউইয়র্কের লং আইল্যান্ডের গ্রেট নেকে অবস্থিত লিওনার্ডস পালাজ্জো পার্টি হলে আয়োজিত এ অনুষ্ঠানে লায়ন্স ক্লাবের সদস্য ও তাদের পরিবারের পাশাপাশি সাংবাদিক, কমিউনিটি নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মী এবং লায়ন্স ক্লাবের দেশি-বিদেশি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় লায়ন্স ক্লাবের বিভিন্ন কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য সদস্যদের অ্যাওয়ার্ড ও সম্মাননাও প্রদান করা হয়।
অনুষ্ঠানে নতুন নেতৃত্বের দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়ে বক্তারা লায়ন্স ক্লাবের মানবসেবা, কমিউনিটি উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ড আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পরে অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়। পাশাপাশি মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা গান ও বিভিন্ন পরিবেশনার মাধ্যমে উপস্থিত অতিথিদের আনন্দ দেন।
.jpeg)
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোল্ডেন এজ হোম কেয়ারেরও প্রেসিডেন্ট ও সিইও লায়ন শাহ নেওয়াজ। অনুষ্ঠান আয়োজক কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন লায়ন মোহাম্মদ জাহিদ আলম। আহ্বায়ক ছিলেন লায়ন এমএস আলম, সদস্য সচিব লায়ন মোহাম্মদ মিজানুর রহমান, চিফ কোঅর্ডিনেটর লায়ন ফাহাদ সোলায়মান, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লায়ন আহসান হাবিব এবং ফাইন্যান্স কোঅর্ডিনেটর ছিলেন লায়ন এএসএম মাঈন উদ্দিন পিন্টু।
অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক লায়ন সদস্য, অতিথি ও সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট ইলেক্ট লায়ন জেএফএম রাসেল, সেক্রেটারি লায়ন মশিউর রহমান মজুমদার এবং সেক্রেটারি ইলেক্ট লায়ন মাসুদ রানা তপন।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন