https://www.prothomalony.com/

18043

new-york

নিউইয়র্ক

বাংলাদেশে আর ফ্যাসিবাদ ফিরতে দেওয়া হবে না: নিউইয়র্কে জামায়াত নেতা জুবায়ের

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬ ০৩:৩২

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ‘আমরা আর ফ্যাসিবাদ ফিরে আসতে দেব না এবং নতুন করে কাউকে ফ্যাসিবাদী হতেও দেব না। বাংলাদেশের মানুষের অধিকার আদায়ে রাজপথে ও সংসদে ভূমিকা রাখবে জামায়াত।’

বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হলে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ‘কোয়ালিশন অব বাংলাদেশী আমেরিকান এসোসিয়েশন’ (কোবা) এই সভার আয়োজন করে।

সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও ‘ইয়র্ক বাংলা’র সম্পাদক রশীদ আহমদের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলওয়াত ও সংগীত পরিবেশন করেন শিল্পী সালাহ উদ্দিন রাসেল। সভায় নিউইয়র্কে কর্মরত প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ও বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদকেরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় এহসানুল মাহবুব জুবায়ের বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, জুলাই আন্দোলনের প্রেক্ষাপট এবং অতীত রাজনৈতিক নির্যাতনের নানা দিক তুলে ধরেন। তিনি দেশ গঠনে দল-মত ও মতাদর্শের ঊর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রবাসীদের অবদানের ভূয়সী প্রশংসা করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াত নেতা জুবায়ের বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করে বলেন, দীর্ঘ আন্দোলনের মাধ্যমে দেশকে ফ্যাসিবাদমুক্ত করা হলেও জনগণের প্রত্যাশা পূরণে সরকারের কার্যকারী উদ্যোগের অভাব রয়েছে। তিনি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি এবং বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

ভারতে প্রধানমন্ত্রীর সফর ও সমসাময়িক প্রসঙ্গ টেনে তিনি বলেন, সমতার ভিত্তিতে সব আলোচনা হওয়া উচিত। এ ছাড়া অপরাধে অভিযুক্তদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার বিষয়েও জোর দেন তিনি।

শেখ হাসিনার বিচারের প্রশ্নে দেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য রয়েছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের অধিকার আদায়ে জামায়াতে ইসলামী দায়িত্বশীল ভূমিকা পালন করবে। একই সঙ্গে আগামী দিনে ঢাকা-চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটে লংমার্চ এবং অক্টোবরে ঢাকায় মহাসমাবেশসহ নানা কর্মসূচির প্রস্তুতির কথাও জানান তিনি।

উক্ত মতবিনিময় সভায় প্রবীণ ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক বাংলাদেশের সম্পাদক ড. ওয়াজেদ এ খান, সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন মঞ্জু, টাইম টিভির সিইও ও সাপ্তাহিক বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের, সাপ্তাহিক পরিচয়ের নাজমুল আহসান, সাপ্তাহিক জন্মভূমির সম্পাদক রতন তালুকদার, সাপ্তাহিক প্রবাসের সম্পাদক মোহাম্মদ সাঈদ, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম, সিনিয়র সাংবাদিক সালেহ উদ্দিন, সাংবাদিক ইলিয়াস হোসাইন, সাপ্তাহিক এবিএম সালাহ উদ্দিন আহমেদ, আমার সিলেটের সম্পাদক এমদাদ চৌধুরী দীপু এবং দৈনিক সংগ্রামের প্রতিনিধি এইচ এম আখতার হোসাইন প্রমুখ।

 

নিউইয়র্ক থেকে আরো পড়ুন