https://www.prothomalony.com/

18040

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কে নাটক ‘নেমেসিস’ মঞ্চস্থ হতে যাচ্ছে শনিবার 

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬ ০১:১৪

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মঞ্চস্থ হতে যাচ্ছে বাংলা নাটক ‘নেমেসিস’ (Nemesis)। প্রবাসী নাট্য প্রযোজনা সংস্থা ‘থিয়েটার ৭১ করপোরেশন’ এর নতুন এই প্রযোজনাটি আগামী শনিবার (৫ সেপ্টেম্বর) কুইন্সের জ্যামাইকায় অবস্থিত শিল্পকলা কেন্দ্র ‘জেক্যাল’ (Jamaica Center for Arts and Learning - JCAL) এর ব্ল্যাকবক্স থিয়েটারে প্রদর্শিত হবে।

প্রবাসের মাটিতে বাংলা থিয়েটার চর্চাকে আরও গতিশীল ও সমৃদ্ধ করার লক্ষ্য নিয়ে নাটকটি মঞ্চে আনছে থিয়েটার ৭১। দর্শকদের সুবিধার্থে সেদিন বিকেল ৫টা এবং সন্ধ্যা ৭টায় মোট দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

বিশিষ্ট নাট্যকার মাসুম রেজার রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন খায়রুল ইসলাম পাখি। নাটকটির মঞ্চসজ্জা ও শিল্প নির্দেশনায় রয়েছেন মিঠুন আহমেদ এবং পোশাক পরিকল্পনা করেছেন নাট্যব্যক্তিত্ব বন্যা মির্জা। আবহ সঙ্গীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ এবং আলোক পরিকল্পনায় রয়েছেন বাবর খাদেমী। পোস্টারের শিল্পকর্ম করেছেন মিঠুন আহমেদ ও ডিজাইন করেছেন মারহামুদুল ম্যাক্স।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, গল্প, অভিনয় ও আবেগের মেলবন্ধনে নির্মিত হয়েছে ‘নেমেসিস’। বিষয়বস্তুর গভীরতা ও দর্শকদের স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনা করে নাটকটি ১০ বছর বা তার বেশি বয়সীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

১৬১-০৪ জ্যামাইকা এভিনিউতে অবস্থিত জেক্যাল ব্ল্যাকবক্স অডিটোরিয়ামে উপস্থিত হয়ে নাটকটি উপভোগ করার জন্য সর্বস্তরের নাট্যপ্রেমীদের আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।

প্রযোজনা সংস্থাটি জানায়, সীমিত আসন সংখ্যার কারণে ইতিমধ্যে অনলাইন টিকিট রিজার্ভেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। টিকিটসংক্রান্ত যোগাযোগের জন্য ৯১৭-৭৭৩-৫৪২৭ নম্বরে টেক্সট অথবা [email protected] ঠিকানায় ইমেইল করতে অনুরোধ করা হয়েছে।
 

নিউইয়র্ক থেকে আরো পড়ুন