https://www.prothomalony.com/

17947

north-america

উত্তর আমেরিকা

মেরিল্যান্ডে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের বার্ষিক গ্রীষ্মকালীন বনভোজন

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬ ০১:৫৬

আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন ইনকের বার্ষিক গ্রীষ্মকালীন বনভোজন ২০২৬। ২৬ জুলাই (রোববার) আনাপোলিসের মনোরম স্যান্ডি পয়েন্ট স্টেট পার্কের হেরন অ্যান্ড অসপ্রে শেল্টারে আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানে মেট্রো ওয়াশিংটন ডিসি, মেরিল্যান্ড ও ভার্জিনিয়া এলাকার বিপুলসংখ্যক বাংলাদেশি পরিবার, অতিথি ও শুভানুধ্যায়ী অংশ নেন।

সকাল ১০টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত চলা আয়োজনে ছিল নানা ধরনের খাবার, শিশু-কিশোর ও বড়দের জন্য খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা, সংগীত এবং পারিবারিক আড্ডা। শিশু থেকে প্রবীণ, সব বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি পরিণত হয় প্রাণবন্ত মিলনমেলায়।

যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে দুপুরে আয়োজন করা হয় বিশেষ পর্ব। এ সময় অংশগ্রহণকারীরা যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপনের পাশাপাশি দেশটির প্রতি শ্রদ্ধা ও শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট এবং উপদেষ্টামণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত ঢাকার অবসরপ্রাপ্ত সহকারী বিশপ থেওটোনিয়াস গমেজ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ থেকে আগত ব্রাদার লূক রঞ্জন পিউরিফিকেশন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশি আমেরিকান কাউন্সিল ইনকের সভাপতি এবং মেরিল্যান্ড গভর্নরের এএপিআই ও এসএএ কমিশনের সাবেক কমিশনার আনিস আহমেদ। তিনি মেরিল্যান্ড জেনারেল অ্যাসেম্বলির ডেলিগেট লেসলি লোপেজের পক্ষ থেকে একটি বিশেষ শুভেচ্ছাবার্তা প্রদান করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন একাত্তর ফাউন্ডেশনের কর্ণধার কবীর পাটোয়ারী, ইস্ট কাউন্টি সিটিজেনস অ্যাডভাইজরি বোর্ডের বর্তমান চেয়ার রাদওয়ান চৌধুরীসহ বিভিন্ন কমিউনিটি নেতা ও বিশিষ্ট অতিথি। দিনব্যাপী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বিভাস রোজারিও।

এবারের বনভোজনের অন্যতম আকর্ষণ ছিল বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের ৩০ বছরের পথচলা স্মরণে আয়োজিত ৩০টিরও বেশি র‍্যাফেল পুরস্কার। দিনব্যাপী বিভিন্ন ধাপে লটারির মাধ্যমে বিজয়ীদের হাতে এসব পুরস্কার তুলে দেওয়া হয়। এতে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি হয়।

বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বলেন, বার্ষিক গ্রীষ্মকালীন বনভোজন শুধু বিনোদনের আয়োজন নয়, প্রবাসে বসবাসরত বাংলাদেশি খ্রিস্টানদের পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব, সাংস্কৃতিক ঐতিহ্য ও বিশ্বাসের বন্ধনকে আরও সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ মিলনমেলা। ভবিষ্যতেও প্রবাসী বাংলাদেশি খ্রিস্টান সমাজের কল্যাণে ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের বর্তমান প্রেসিডেন্ট বিপুল এলিট গনছালভেস বনভোজন সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় সংগঠনের সব সদস্য, স্বেচ্ছাসেবক, স্পন্সর, অতিথি ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে ভবিষ্যতের বিভিন্ন কার্যক্রমেও সবার অব্যাহত সহযোগিতা কামনা করেন তিনি।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন