https://www.prothomalony.com/
17942
north-america
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬ ০২:৩৪
বাংলা শাস্ত্রীয় সংগীতের ঐতিহ্য ও প্রজন্মান্তরের সাংস্কৃতিক উত্তরাধিকারকে সামনে রেখে ভার্জিনিয়ায় আয়োজন করা হয়েছে বিশেষ সংগীতানুষ্ঠান ‘পরম্পরা’। অনুষ্ঠানে গুরু ও শিষ্য—দুই প্রজন্মের শিল্পীর পরিবেশনায় রাগসংগীতের আসর বসবে।
অনুষ্ঠানে গুণী সংগীতশিল্পী সামিয়া মাহবুব আহমেদ এবং তরুণ সংগীতশিল্পী অস্পরা বণিক তাঁদের অনবদ্য পরিবেশনায় শ্রোতাদের সামনে তুলে ধরবেন শাস্ত্রীয় সংগীতের রাগভিত্তিক পরিবেশনা। আয়োজকদের ভাষায়, এটি হবে ‘পরম্পরা’র বিশেষ পর্ব—যেখানে সুরের ছোঁয়ায় ফুটে উঠবে ঐতিহ্য, শিক্ষা, সাধনা ও প্রজন্মের উত্তরাধিকার।
আয়োজক অপরাজেয় বাংলা জানিয়েছে, সংগীতপ্রেমীদের জন্য আয়োজিত এ অনুষ্ঠানে একই সঙ্গে থাকবে শাস্ত্রীয় সংগীতের নান্দনিকতা এবং বাংলা সংস্কৃতির সঙ্গে এর গভীর সম্পর্কের এক বিশেষ অনুভব।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আসছে ২৩ আগস্ট রোববার। অনুষ্ঠানস্থল ১৫৯৪১ ডোনাল্ড কার্টিস ড্রাইভ, উডব্রিজ, ভার্জিনিয়া ২২১৯১।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, সেদিন বিকেল ৪টা ৩০ মিনিটে দরজা খুলবে এবং বিকেল ৫টায় অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠান চলবে রাত ৮টা পর্যন্ত।

‘পরম্পরা’র মূল আকর্ষণ দুই প্রজন্মের দুই শিল্পীর পরিবেশনা। একদিকে অভিজ্ঞ ও গুণী শিল্পী সামিয়া মাহবুব আহমেদ, অন্যদিকে তরুণ প্রজন্মের শিল্পী অস্পরা বণিক। তাঁদের পরিবেশনার মধ্য দিয়ে শাস্ত্রীয় সংগীতের গুরু-শিষ্য পরম্পরা, অনুশীলন ও উত্তরাধিকারের বিষয়টি বিশেষভাবে সামনে আসবে। ‘পরম্পরা’ প্রবাসে বাংলা ও উপমহাদেশীয় শাস্ত্রীয় সংগীতের চর্চা এবং নতুন প্রজন্মের কাছে এই ঐতিহ্যকে পরিচিত করে তোলার একটি সাংস্কৃতিক প্রয়াস হিসেবেও বিবেচিত হচ্ছে।
অনুষ্ঠানের প্রচারপত্রে সংগীতপ্রেমীদের উদ্দেশে আহ্বান জানানো হয়েছে—“সুরের ছোঁয়ায় অঞ্জলি ও সমর্পণ!”
অনুষ্ঠানের বিস্তারিত তথ্য ও টিকিট সংরক্ষণের জন্য প্রচারপত্রে দেওয়া কিউআর কোড স্ক্যান করার অনুরোধ জানিয়েছে আয়োজকরা।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন