https://www.prothomalony.com/

17864

north-america

উত্তর আমেরিকা

মিশিগানের হ্যামট্রাম্যাকে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬ ০৩:১৭

মিশিগানের হ্যামট্রাম্যাকে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক শহরে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গত ১ আগস্ট শনিবার 'জগন্নাথ দেবের ভক্তবৃন্দ, মিশিগান'-এর উদ্যোগে আয়োজিত এ রথযাত্রায় বিপুলসংখ্যক ভক্ত ও দর্শনার্থী অংশ নেন।

দুপুর ১২টায় হ্যামট্রাম্যাকের ক্যানিফ স্ট্রিটের পার্কিং লটে শ্রীশ্রী জগন্নাথ দেবের পূজা, আরতি ও শাস্ত্রীয় ধর্মীয় আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে ভক্তদের উলুধ্বনি ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে বেলা ১টায় আনুষ্ঠানিকভাবে রথের দড়িতে টান দেওয়া হয়।

এরপর ঢাক, ঢোল, কাঁসর ও মন্দিরার তালে তালে নামকীর্তন করতে করতে রথটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় নারী-পুরুষ, শিশু-কিশোর, তরুণ-তরুণী ও প্রবীণসহ সব বয়সী ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। নারীরা রঙিন শাড়ি এবং পুরুষরা পাঞ্জাবি পরে উৎসবে যোগ দেন। অনেকের হাতেই ছিল শ্রীশ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রার ছবি।

রথ শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করার সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে স্থানীয় বাসিন্দারা হাত নেড়ে শুভেচ্ছা জানান। অনেক গাড়িচালক হর্ন বাজিয়ে শোভাযাত্রার প্রতি সংহতি ও শুভকামনা প্রকাশ করেন, যা আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

হ্যামট্রাম্যাক পুলিশের নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শোভাযাত্রাটি সফলভাবে সম্পন্ন হয়। নগরী প্রদক্ষিণ শেষে রথটি আবার ক্যানিফ স্ট্রিটের পার্কিং লটে ফিরে আসে। সেখানে ভক্তিমূলক গান ও কীর্তন পরিবেশনের পাশাপাশি লুট বিতরণ করা হয়। সবশেষে উপস্থিত সকলের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

রথযাত্রার অনুষ্ঠানে হ্যামট্রাম্যাক সিটি কাউন্সিলের একজন কাউন্সিলম্যান, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং মিশিগানে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসের মাটিতে এ ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন নতুন প্রজন্মের কাছে ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মিশিগানের হ্যামট্রাম্যাকে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা

মিশিগানের হ্যামট্রাম্যাকে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন