https://www.prothomalony.com/
17859
north-america
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬ ০২:১৫
যুক্তরাষ্ট্রের প্রবাহ সাহিত্য-সাংস্কৃতিক পরিষদ জুলাইয়ের চেতনায় তাদের দ্বিতীয় বর্ষপূর্তি পালন করেছে। সম্প্রতি জ্যাকসন হাইটসের গ্রিন টাচে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ আহ্বান জানান।
সংগঠনের আহ্বায়ক ড. মুহাম্মদ আবুল কাসেমের সভাপতিত্বে ও সোহেল হামিদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন কবি ও ভাষাশিল্পী কাজী জহিরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে কাজী জহিরুল ইসলাম বলেন, ‘প্রবাহ’ জুলাইয়ের অগ্নিগর্ভ থেকে জন্ম নেওয়া একটি সংগঠন এবং এই চেতনাকে ধারণ করেই সংগঠনটি এগিয়ে যাবে। তিনি বলেন, ‘জুলাই আমাদের প্রতিবাদ করতে শিখিয়েছে। গত পঞ্চান্ন বছর ধরে আমাদের রাজনৈতিক নেতৃত্ব যে তথাকথিত আদবের দেয়াল তৈরি করেছিল, জুলাই তা ভেঙে দিয়েছে। এটি আমাদের মাথা উঁচু করে দাঁড়ানোর পথ দেখিয়েছে। এখন আমাদের দায়িত্ব জুলাইয়ের প্ল্যাটফর্মে নতুন সাংস্কৃতিক বয়ান তৈরি করা।’ তিনি সব কবি ও সাহিত্যিককে এই চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও আয়াতের কাব্যিক ভাবানুবাদ উপস্থাপন করেন কবি আবুল বাশার। সভায় সংগঠনের সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও সাহিত্যিক মরহুম রেজাউল করিমের স্মরণে তার ভাই জাকির হোসেন কাঞ্চনকে সঙ্গে নিয়ে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে কবিতা ও ছড়া পাঠ, আবৃত্তি এবং শুভেচ্ছা আলোচনায় অংশ নেন দেওয়ান নাসের রাজা, মো. মোশাররফ হোসেন, মো. নাসিরুল আলম (পান্থ), সাইফুস সাঈদ সানী, অবসরপ্রাপ্ত অধ্যাপক সৈয়দ আহমদ, আহসানুর রহমান খান, জাভেদ জোহা পলক, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এম এস আলম, সমাজসেবী কে এম ফজলুল হক, গ্রিন টাচের সিইও লিয়াকত এলাহী ও অ্যাক্টিভিস্ট আবদুল কাদের।
এ ছাড়া উপস্থিত ছিলেন আনিসুর রহমান ভূঁইয়া, শিরিন আক্তার, মো. আবদুর রউফ, তামজিদা বেগম, রাফিস খান ও আলিফ।
বর্ষপূর্তি উপলক্ষে ‘দ্রোহী’ নামে একটি বিশেষ স্মারক প্রকাশনার মোড়ক উন্মোচন ও উপস্থিত সবার হাতে তা তুলে দেওয়া হয়। সভা শেষে নৈশভোজের আয়োজন করা হয়। সমাপনী বক্তব্যে সভাপতি ড. মুহাম্মদ আবুল কাসেম সবাইকে সংগঠনের নিয়মিত মাসিক সাহিত্য আসরে উপস্থিত থাকার অনুরোধ জানান।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন