https://www.prothomalony.com/

17861

north-america

উত্তর আমেরিকা

প্রবাসী চিকিৎসকদের জ্ঞান-দক্ষতা দেশের স্বাস্থ্যসেবায় কাজে লাগাতে হবে: ডা. মাহবুবুর রহমান লিটন

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬ ০২:৫৬

উত্তর আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত প্রবাসী বাংলাদেশি চিকিৎসকদের জ্ঞান, দক্ষতা, গবেষণা এবং আন্তর্জাতিক অভিজ্ঞতাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবা ও চিকিৎসা শিক্ষার উন্নয়নে কাজে লাগানোর জন্য একটি কার্যকর সমন্বয় গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয় সংসদ সদস্য ও ককাস অব আমেরিকার কো-চেয়ারম্যান ডা. মাহবুবুর রহমান লিটন।

২৯ জুলাই বুধবার সকালে যুক্তরাষ্ট্রের নিউজার্সির আটলান্টিক সিটির ট্রপিকানা রিসোর্টে বাংলাদেশি ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা (বিডিএফএনএ) আয়োজিত ‘রিসেপশন অ্যান্ড মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রবাসী বাংলাদেশি চিকিৎসকরা বিশ্বের বিভিন্ন দেশের আধুনিক স্বাস্থ্যব্যবস্থা, চিকিৎসা গবেষণা এবং মেডিকেল শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাঁদের এই অভিজ্ঞতা ও দক্ষতা বাংলাদেশের মানুষের স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজে লাগানোর জন্য প্রাতিষ্ঠানিক উদ্যোগ নেওয়া প্রয়োজন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, উত্তর আমেরিকার বিভিন্ন হাসপাতাল, বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে কর্মরত বাংলাদেশি চিকিৎসকরা আধুনিক চিকিৎসা পদ্ধতি, ক্লিনিক্যাল গবেষণা, জনস্বাস্থ্য, চিকিৎসা শিক্ষা এবং প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছেন। এই জ্ঞান ও অভিজ্ঞতা দেশের চিকিৎসক, মেডিকেল শিক্ষার্থী এবং স্বাস্থ্যপ্রতিষ্ঠানের সঙ্গে বিনিময়ের সুযোগ সৃষ্টি করা গেলে বাংলাদেশের স্বাস্থ্যখাত আরও সমৃদ্ধ হবে।

বক্তারা প্রবাসী চিকিৎসকদের সঙ্গে বাংলাদেশের স্বাস্থ্যখাতের দীর্ঘমেয়াদি সহযোগিতা গড়ে তুলতে কয়েকটি বিষয়ে গুরুত্বারোপ করেন। এর মধ্যে রয়েছে—বাংলাদেশের চিকিৎসকদের জন্য আন্তর্জাতিক প্রশিক্ষণ ও ধারাবাহিক চিকিৎসা শিক্ষা (সিএমই) কর্মসূচির সুযোগ সৃষ্টি, বাংলাদেশ ও উত্তর আমেরিকার চিকিৎসা ও গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণা পরিচালনা, তরুণ চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের জন্য মেন্টরশিপ ও গবেষণা সহযোগিতা, আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও চিকিৎসা শিক্ষায় অভিজ্ঞতা বিনিময়, টেলিমেডিসিন সেবার সম্প্রসারণ, আন্তর্জাতিক ফেলোশিপ ও গবেষণা সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থায় প্রবাসী বিশেষজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক ডা. শাকুর খান, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল এবং বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের পরিচালক ডা. কাজী সাইফুদ্দিন বেন্নুর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডিএফএনএর প্রধান উপদেষ্টা ও ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতালের শিক্ষক ডা. মুজিবুর আর মজুমদার। অনুষ্ঠান পরিচালনা করেন বিডিএফএনএর সাধারণ সম্পাদক ও নিউইয়র্ক ইউনিভার্সিটি হাসপাতালের জ্যেষ্ঠ বিজ্ঞানী ডা. জাহিদ দেওয়ান শামীম।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিডিএফএনএর সভাপতি ও জেফারসন ইউনিভার্সিটির শিক্ষক ডা. ইবরুল চৌধুরী।

এ সময় বক্তব্য দেন বিডিএফএনএর সহসভাপতি এবং ইনফার্মারি হেলথ, আলাবামার মেডিসিন বিশেষজ্ঞ ডা. জামাল উদ্দিন, আলবার্ট আইনস্টাইন ইউনিভার্সিটির শিক্ষক ডা. মোস্তাফিজুর রহমান টিংকু এবং নিউইয়র্ক সিটির প্রাইম হেলথের মেডিকেল ডিরেক্টর ডা. নীল এন টিংকু।

অনুষ্ঠানের সমন্বয়কারীদের মধ্যে ছিলেন ইয়েল ইউনিভার্সিটির এপিলেপসি সেন্টারের নিউরোফিজিওলজিস্ট ডা. নাসরিন শাহানা চাদনী, নিউইয়র্ক সিটি ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ডা. মাহবুবুর রহমান লিপন এবং নিউইয়র্ক সিটি স্বাস্থ্য বিভাগের ভ্যাকসিন বিভাগের সুপারভাইজার ডা. খাইরুল সিদ্দিক রিপন।

বিডিএফএনএর এই আয়োজন উত্তর আমেরিকায় কর্মরত বাংলাদেশি চিকিৎসকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি বাংলাদেশের স্বাস্থ্যসেবা, চিকিৎসা শিক্ষা এবং গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।

তাঁদের মতে, প্রবাসী চিকিৎসকদের আন্তর্জাতিক অভিজ্ঞতা, গবেষণা ও বিশেষজ্ঞ জ্ঞানকে প্রাতিষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার সঙ্গে যুক্ত করা গেলে দেশের চিকিৎসাসেবা আরও আধুনিক, দক্ষ এবং গবেষণাভিত্তিক হয়ে উঠবে। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের চিকিৎসকদের জন্যও নতুন সুযোগ সৃষ্টি হবে।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন