https://www.prothomalony.com/
17813
new-york
নিউইয়র্কভিত্তিক সামাজিক ও সেবামূলক সংগঠন জ্যামাইকা কমিউনিটি অ্যালায়েন্সের নতুন ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) জ্যামাইকার ইকরা পার্টি হলে আয়োজিত অনুষ্ঠানে অতিথিদের উপস্থিতিতে ওয়েবসাইটটির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়েবসাইটের উদ্বোধন করেন গ্রেটার নোয়াখালী সোসাইটির সভাপতি জাহেদ মিন্টু। বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী সমিতির সাধারণ সম্পাদক মঈনউদ্দিন মিন্টু।
জ্যামাইকা কমিউনিটি অ্যালায়েন্সের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ বাশার স্বাগত বক্তব্যে বলেন, নতুন ওয়েবসাইটটি কমিউনিটির সদস্যদের তথ্যপ্রাপ্তি, বিভিন্ন সেবার আবেদন, গুরুত্বপূর্ণ ঘোষণা এবং সংগঠনের কার্যক্রম সম্পর্কে সহজে জানার আধুনিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলম বক্তব্যে জ্যামাইকা কমিউনিটি অ্যালায়েন্সের বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং উপস্থিত সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি কমিউনিটির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা হাফিজর রহমানও বক্তব্য দেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ মানজুরুল করিম। এ সময় সহকারী সাধারণ সম্পাদক আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, কোষাধ্যক্ষ ফজলুল হক, সহকারী কোষাধ্যক্ষ মোহাম্মদ ওসমান, আবুল কালাম সরকার, আব্দুল হাই হাওলাদার, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, জাবেদ নেওয়াজসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, নতুন ওয়েবসাইটের মাধ্যমে সদস্যরা কবরস্থান-সংক্রান্ত তথ্য ও সেবা, ব্যক্তিগত অ্যাকাউন্ট, গুরুত্বপূর্ণ নোটিশ, কমিউনিটির সংবাদ এবং বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সহজে তথ্য পাবেন। এতে সংগঠনের সেবাগুলো আরও স্বচ্ছ ও সহজভাবে পরিচালনা করা সম্ভব হবে।
অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে ওয়েবসাইটে সদস্যদের অ্যাকাউন্ট খোলার পদ্ধতি এবং বিভিন্ন সুবিধা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সাইফুল ভূঁইয়া। পরে জ্যামাইকা কমিউনিটি অ্যালায়েন্সের মাধ্যমে বাংলাদেশ সেমিট্রিতে কবর ক্রয় করা সদস্যদের মধ্যে সনদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শেষে ওয়েবসাইট নির্মাণ ও উদ্বোধন কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানানো হয়। পাশাপাশি জ্যামাইকা কমিউনিটি অ্যালায়েন্সের সার্বিক সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন আয়োজকরা।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন