https://www.prothomalony.com/
17797
new-york
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬ ০৮:০১
নিউইয়র্কে ১৮ বছরের কম বয়সী শিশু-কিশোরদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে নতুন বিধিনিষেধ চূড়ান্ত করেছে অঙ্গরাজ্য সরকার। গভর্নর ক্যাথি হোকুলের স্বাক্ষরিত ‘সেইফ ফর কিডস অ্যাক্ট’র আওতায় প্রণীত চূড়ান্ত বিধিমালা অনুযায়ী, অভিভাবকের অনুমতি ছাড়া অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের অ্যালগরিদমভিত্তিক কনটেন্ট ফিড দেখানো যাবে না এবং রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত নোটিফিকেশন পাঠানো নিষিদ্ধ থাকবে।
মঙ্গলবার (২৮ জুলাই) গভর্নর ক্যাথি হোকুল ও অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস যৌথভাবে নতুন বিধিমালার ঘোষণা দেন। এটি ইনস্টাগ্রাম, টিকটক, ফেসবুক, স্ন্যাপচ্যাট, এক্স (সাবেক টুইটার) এবং ইউটিউবসহ বড় সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে।
নতুন নিয়ম অনুযায়ী, শিশু-কিশোররা বন্ধু, পরিবার বা নিজেদের পছন্দের পেজের কনটেন্ট দেখতে পারবে, তবে প্ল্যাটফর্মের অ্যালগরিদম তাদের দীর্ঘ সময় ধরে অনলাইনে রাখতে যে কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে দেখায়, তা আর ডিফল্টভাবে দেখানো যাবে না।
অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস বলেন, “প্ল্যাটফর্মগুলো আর স্বয়ংক্রিয়ভাবে অপ্রাপ্তবয়স্কদের এমন ফিডে যুক্ত করতে পারবে না, যা শুধু তাদের সম্পৃক্ততা বাড়ানোর জন্য তৈরি করা হয়েছে।”
ব্যবহারকারীর বয়স যাচাই করতে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো সরকারি পরিচয়পত্র ব্যবহার করতে পারবে। তবে এর পাশাপাশি বিকল্প অন্তত একটি পদ্ধতি রাখতে হবে। যেমন ছবি বা ভিডিও আপলোডের মাধ্যমে যাচাই কিংবা ই-মেইল বা ফোন নম্বর অন্য তথ্যের সঙ্গে মিলিয়ে বয়স নিশ্চিত করা। যাচাইয়ের জন্য ব্যবহৃত ব্যক্তিগত তথ্য তাৎক্ষণিকভাবে মুছে ফেলতে হবে এবং ব্যবহৃত পদ্ধতির নির্ভুলতাও নিশ্চিত করতে হবে।
গভর্নর হোকুল বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলো যদি বলে তারা ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারী শনাক্ত করতে পারে না, তাহলে তাদের প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সেই সক্ষমতা তৈরি করতে হবে।”
অন্যদিকে প্রযুক্তি খাতের সংগঠন টেক:এনওয়াইসি এক বিবৃতিতে বলেছে, তারা শিশুদের অনলাইন নিরাপত্তার লক্ষ্যকে সমর্থন করে। তবে বয়স যাচাইসহ আইনের বিভিন্ন বিধান বাস্তবে কার্যকর এবং পরিবার ও ব্যবহারকারীদের জন্য অনাকাঙ্ক্ষিত সমস্যাহীন হওয়া নিশ্চিত করা জরুরি।
চূড়ান্ত বিধিমালা চলতি সপ্তাহে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে। এরপর সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলোকে নতুন নিয়ম বাস্তবায়নের জন্য ছয় মাস সময় দেওয়া হবে। আগামী জানুয়ারি থেকে আইনটি পুরোপুরি কার্যকর হবে
নিউইয়র্ক থেকে আরো পড়ুন