https://www.prothomalony.com/
17817
north-america
উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের সর্ববৃহৎ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকার (ফোবানা) ৪০তম সম্মেলনকে সফল করতে লস অ্যাঞ্জেলেসের ‘লিটল ঢাকা’য় এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে আয়োজিত এ সমাবেশে প্রবাসী বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
যুক্তরাষ্ট্রের বিনোদননগরী লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সাল হিলটন হোটেলে আগামী ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর তিন দিনব্যাপী অনুষ্ঠিত হবে ফোবানার ৪০তম কনভেনশন। সম্মেলনকে কেন্দ্র করে বর্তমানে উত্তর আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য ও শহরে গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালাচ্ছেন আয়োজকরা।
(4).jpeg)
‘লিটল ঢাকা’র সমাবেশে বক্তারা বলেন, ব্যতিক্রমী নানা উদ্যোগ ও আয়োজনের মধ্য দিয়ে এবারের লস অ্যাঞ্জেলেস ফোবানা সম্মেলন প্রবাসীদের এক মহামিলনমেলায় পরিণত হবে। প্রবাসে বাংলা ভাষা, ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতির চর্চা অব্যাহত রাখতে এবং নতুন প্রজন্মের কাছে দেশীয় শেকড়ের বন্ধন পৌঁছে দিতেই এই ধারাবাহিক আয়োজন। অনুষ্ঠানে ফোবানা আয়োজক কমিটির প্রতিনিধিরা সম্মেলনের সার্বিক প্রস্তুতি ও কর্মসূচি তুলে ধরেন।
এবারের সম্মেলনের আয়োজক সংগঠন ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া’। তিন দিনব্যাপী এই কনভেনশনে যুক্তরাষ্ট্র, কানাডা ও বাংলাদেশসহ বিশ্বের নানা প্রান্ত থেকে প্রতিনিধি, অতিথি ও প্রবাসীরা যোগ দেবেন।
আয়োজনজুড়ে থাকবে দেশি-বিদেশি খ্যাতিমান শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক সন্ধ্যা, বিষয়ভিত্তিক সেমিনার, বিজনেস নেটওয়ার্কিং, বইমেলা, কাব্যজলসা, ইয়ুথ ফোরাম, মুক্তিসংগ্রাম ও সংস্কৃতিবিষয়ক আলোচনা, ফ্যাশন শো এবং শিক্ষার্থীদের জন্য ‘ফোবানা স্কলারশিপ’ প্রদানসহ বহুমুখী আয়োজন।
সম্মেলন প্রস্তুতিতে মূল নেতৃত্বে রয়েছেন কনভেনর ড. জয়নুল আবেদীন, ডেপুটি কনভেনর হাবিব আহমেদ টিয়া, মেম্বার সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল, প্রেসিডেন্ট মোয়াজ্জেম এইচ চৌধুরী, কোষাধ্যক্ষ ড. মুশফিকুল হক, কালচারাল সেক্রেটারি শহীদ আহমেদ মিঠু, মিডিয়া ও পাবলিকেশনস চেয়ারম্যান সাংবাদিক লস্কর আল মামুন এবং স্টল ও বুথ চেয়ারম্যান শওকত আনজিম।
এছাড়া ফোবানা নির্বাহী কমিটির চেয়ারম্যান রবিউল করিম বেলাল, এক্সিকিউটিভ সেক্রেটারি খালেদ রউফ, জয়েন্ট এক্সিকিউটিভ সেক্রেটারি এন্থনি পিউস গোমেজ, কোষাধ্যক্ষ মহিউদ্দিন দুলাল, নির্বাহী সদস্য কাজী নাহিদ ও সাবেক কোষাধ্যক্ষ প্রিয়লাল কর্মকারসহ পরিচালনা পর্ষদের শীর্ষ কর্মকর্তারা সম্মেলন সফল করতে সমন্বিতভাবে কাজ করছেন।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন