https://www.prothomalony.com/
17147
new-york
প্রকাশ: ১৭ মে ২০২৬ ০০:৪৩
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিউইয়র্কের জ্যামাইকায় সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে হিউম্যান কনসার্ন ইউএসএ, প্রথম আলো ফাউন্ডেশন ইউএসএ এবং সেভ দ্য পিপল। আগামী ২১ মে বৃহস্পতিবার বিকেল ৩টা ৩০ মিনিটে কুইন্সের এলহাম একাডেমিতে এই খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানিয়েছেন, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে যেসব পরিবার আর্থিক সংকটের কারণে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সংগ্রহে হিমশিম খাচ্ছেন, তাদের পাশে দাঁড়াতেই এই কর্মসূচির আয়োজন।
খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে কুইন্সের জ্যামাইকায় অবস্থিত এলহাম একাডেমি প্রাঙ্গণে, যার ঠিকানা ৮৭-৪১, ১৬৫তম স্ট্রিট, জ্যামাইকা, নিউইয়র্ক ১১৪৩২।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, “ফার্স্ট কাম, ফার্স্ট সার্ভ” ভিত্তিতে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। অর্থাৎ আগে আসলে আগে সেবা পাওয়ার সুযোগ থাকবে। তাই আগ্রহীদের নির্ধারিত সময়ের আগেই উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
প্রথম আলো ফাউন্ডেশন ইউএসএ’র প্রতিনিধিরা বলেন, কমিউনিটির কল্যাণে কাজ করাই তাদের মূল লক্ষ্য। ঈদের মতো আনন্দঘন সময়ে কেউ যেন অভাবের কষ্টে না থাকেন, সে লক্ষ্যেই এই উদ্যোগ।
হিউম্যান কনসার্ন ইউএসএ এবং সেভ দ্য পিপলের প্রতিনিধিরাও জানান, নিউইয়র্কের বিভিন্ন এলাকায় অভাবী মানুষের পাশে দাঁড়াতে তারা নিয়মিত কাজ করছেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
কমিউনিটির বাসিন্দাদের এই উদ্যোগে অংশ নিয়ে উপকৃত হওয়ার পাশাপাশি মানবিক এই প্রচেষ্টাকে সফল করার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন