https://www.prothomalony.com/
17047
new-york
বর্ণাঢ্য আয়োজনে নিউইয়র্কে অনুষ্ঠিত হলো সম্মিলিত বিশ্ববিদ্যালয়ের ‘বাংলা বর্ষবরণ ১৪৩৩’ উদযাপন। প্রবাসে থেকেও বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে এই আয়োজনের মাধ্যমে ঐক্যের শক্তিশালী বার্তা দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব আমেরিকা।
গত রবিবার (৩ মে) নিউইয়র্কের জ্যামাইকা পারফরমিং আর্টস সেন্টারে “ঐক্যের সুতায় নকশী গাঁথুন, নতুন বছরে আনন্দে বাঁচুন” স্লোগানকে সামনে রেখে দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এলামনাই সংগঠনসমূহ। প্রথমবারের মতো বুয়েট এলামনাই এসোসিয়েশনের অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানের শুরুতেই ঢোলের তালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করেন আহ্বায়ক মেঘনা পাল ও সদস্য সচিব প্রশান্ত মল্লিক অয়ন। প্রবাসে হলেও লাল ইটের জ্যামাইকা পারফরমিং আর্টস সেন্টার যেন মুহূর্তেই রূপ নেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিচিত পরিবেশে।
দুপুরে জাহাঙ্গীরনগর এলামনাই পরিবারের আয়োজনে পরিবেশিত হয় বাহারি ভর্তা-ভাজি ও ইলিশের সমাহার, যা উপস্থিত অতিথিদের মাঝে আলাদা মাত্রা যোগ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুইন্স সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার সেন্টারের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাহফুজুল হক এবং অল কাউন্টি হেলথ কেয়ারের চেয়ারম্যান শিফা আমিন।
উদ্বোধনী পর্বে “আইলো আইলো আইলো রে, রঙ্গে ভরা বৈশাখ আবার আইলো রে” গানের সঙ্গে মনোজ্ঞ নৃত্য পরিবেশন করেন জাহাঙ্গীরনগর এলামনাই সদস্য ও তাদের পরিবারবর্গ। শুভেচ্ছা বক্তব্যে আয়োজকরা প্রবাসে বাঙালিত্ব ধরে রাখার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল ‘নববর্ষ সম্মাননা’ প্রদান। প্রবাসে বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় বিশেষ অবদানের জন্য এ বছর সম্মাননা প্রদান করা হয় প্রখ্যাত কবি, শিক্ষাবিদ ও অনুবাদক শামস আল মমীনকে। তাঁর সাহিত্যকর্মে প্রবাস জীবনের অনুভূতি ও দেশাত্মবোধের গভীর প্রকাশের জন্য আয়োজকরা তাকে সম্মানিত করেন।
সাংস্কৃতিক পর্বে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এলামনাই সংগঠন একে একে মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করে। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও বুয়েট এলামনাইয়ের দলীয় পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয়ে জাহাঙ্গীরনগর, ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশনায় জমে ওঠে অনুষ্ঠান।
সবশেষে জনপ্রিয় সংগীতশিল্পী রেশমী মির্জার সঙ্গীত পরিবেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত সমাপ্তি পায়।
উল্লেখ্য, পুরো আয়োজনের মিডিয়া পার্টনার ছিল চ্যানেল ফোরটিন।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন