https://www.prothomalony.com/
16855
new-york
১৯৯৯ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী সংগঠন রুপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনকের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এখন প্রকাশ্য বিভক্তিতে রূপ নিয়েছে। সংগঠনটি বর্তমানে দুটি পৃথক ধারায় পরিচালিত হচ্ছে, যার ফলে প্রবাসী চাঁদপুরবাসীদের মধ্যে উদ্বেগ, ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।
একটি গ্রুপের নেতৃত্বে রয়েছেন সভাপতি মাহবুবুর রহমান এবং সাধারণ সম্পাদক হাসান মাহমুদ সোহেল। অপরদিকে মূল সংগঠন থেকে বেরিয়ে যাওয়া অংশের সভাপতি হিসেবে রয়েছেন রাজু সাহা বিপ্লব এবং সাধারণ সম্পাদক সোহেল গাজী।
জানা যায়, চলতি বছরের ২৭ জানুয়ারি বিপ্লব ও গাজীর নেতৃত্বে নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। পরবর্তীতে ১০ এপ্রিল গুলশান টেরেসে তাদের নতুন কমিটির জাঁকজমকপূর্ণ অভিষেক অনুষ্ঠিত হয়।
সংগঠন সূত্রে জানা গেছে, রুপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক শুরুতে নিউইয়র্ক স্টেটে নন-প্রফিট হিসেবে তালিকাভুক্ত ছিল না। ২০২৪ সালে এটি আনুষ্ঠানিকভাবে নন-প্রফিট হিসেবে নিবন্ধিত হয়। কাগজপত্র সংশোধনের পর সংগঠনটি নিজস্ব নিয়মে কার্যক্রম পরিচালনা করে আসছিল এবং চলতি বছর নতুন কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়।
সাবেক সভাপতি হারুন ভূঁইয়া, মামুন মিয়াজী ও মোবারক হোসাইনকে নিয়ে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠিত হয়। তবে অভিযোগ রয়েছে, কমিশনের একজন সদস্য হারুন ভূঁইয়া একক সিদ্ধান্তে ২৯ সদস্যের একটি কার্যকরী কমিটি ঘোষণা করেন, যেখানে চলতি কমিটির অধিকাংশ সদস্যকে বাদ দেওয়া হয়। এ সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং নির্বাচন কমিশনের সদস্য মোবারক হোসাইন পদত্যাগ করেন।
পরবর্তীতে চলতি কমিটি নতুন নির্বাচন কমিশন গঠন করে, যেখানে আকতার হামিদ, রেজাউর রহমান রাজু ও মকসুদুর রহমান সেলিম দায়িত্ব পান। এই কমিশন নতুন কমিটি ঘোষণা করে, যার সভাপতি হন মাহবুবুর রহমান এবং সাধারণ সম্পাদক হাসান মাহমুদ সোহেল। এর পর থেকেই সংগঠনের বিভক্তি আরও স্পষ্ট হয়ে ওঠে।
এদিকে, মাহবুবুর রহমানের নেতৃত্বাধীন কমিটি বনভোজনের আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে বিপ্লব-গাজী নেতৃত্বাধীন কমিটি ইতোমধ্যে জাঁকজমকপূর্ণ অভিষেক সম্পন্ন করেছে। তবে বিভক্তির কারণে অনেক সদস্যই এসব আয়োজনে অংশ নেননি।
প্রবাসী চাঁদপুরবাসীদের সাধারণ সদস্যদের মধ্যে এ নিয়ে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। তারা মতবিরোধ ভুলে আবারও ঐক্যবদ্ধ হয়ে প্রবাসে চাঁদপুরের ভ্রাতৃত্ববন্ধন অটুট রাখার আহ্বান জানিয়েছেন।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন