https://www.prothomalony.com/

16834

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কে গ্রোসারি স্টোর চালুর ঘোষণা মামদানির, খাদ্যপণ্যের দাম কমানোর প্রতিশ্রুতি

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬ ০০:৩৯

নিউইয়র্ক সিটিতে শহর-চালিত গ্রোসারি স্টোর চালুর পরিকল্পনা ঘোষণা করেছেন মেয়র জোহারান মামদানি। নতুন এই উদ্যোগের মাধ্যমে নগরবাসীর জন্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম কমানো এবং জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে আনার লক্ষ্য নেওয়া হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) কুইন্সে এক সমাবেশে মেয়র জানান, তার প্রথম মেয়াদ শেষ হওয়ার আগেই পাঁচটি বরোতে পাঁচটি শহর-মালিকানাধীন সুপারমার্কেট চালু করা হবে। এর প্রথম অবস্থান হিসেবে ইস্ট হারলেমের লা মারকেতা এলাকা নির্ধারণ করা হয়েছে, যা ইতিমধ্যে সিটি মালিকানাধীন।

মেয়র বলেন, এসব স্টোরে ডিম, রুটি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম তুলনামূলকভাবে কম থাকবে। ফলে সাধারণ মানুষের জন্য কেনাকাটা আরও সহজ হবে।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রথম সিটি-ওন্ড গ্রোসারি স্টোরটি ২০২৭ সালের মধ্যে চালু হতে পারে। তবে পুরো প্রকল্প বাস্তবায়নে কয়েক বছর সময় লাগবে এবং ২০২৯ সালের মধ্যে সবগুলো স্টোর চালুর লক্ষ্য রয়েছে।

জানা গেছে, এসব স্টোর পরিচালনার জন্য তৃতীয় পক্ষের অপারেটর নিয়োগ দেওয়া হবে। প্রথম স্টোর নির্মাণ ও অবকাঠামো উন্নয়নে আনুমানিক ৩০ মিলিয়ন ডলার ব্যয় হতে পারে।

একই সঙ্গে মেয়র শহরের বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবহন খাতেও নতুন পরিকল্পনার কথা জানান। তিনি শহরজুড়ে আবর্জনা ব্যবস্থাপনায় নতুন বিন ব্যবস্থার সম্প্রসারণ এবং বাস পরিষেবাকে আরও দ্রুত ও সাশ্রয়ী করার উদ্যোগের কথা উল্লেখ করেন।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন