https://www.prothomalony.com/

16765

new-york

নিউইয়র্ক

পিছিয়ে পড়ছে নিউইয়র্কের গৃহহীন শিক্ষার্থীরা, বাড়ছে  অনুপস্থিতি

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬ ০৭:২৫

নিউইয়র্ক সিটিতে আবাসন সংকটের প্রভাব সবচেয়ে বেশি পড়ছে গৃহহীন শিক্ষার্থীদের ওপর। নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, বাসস্থানের অনিশ্চয়তায় থাকা শিক্ষার্থীরা নিয়মিত স্কুলে অনুপস্থিতি, বারবার স্কুল পরিবর্তন এবং পরীক্ষায় দুর্বল ফলাফলের মতো সমস্যায় ভুগছে।

শিক্ষা বিষয়ক অলাভজনক সংস্থা অ্যাডভোকেটস ফর চিলড্রেন অব নিউইয়র্ক (এএফসি) প্রকাশিত এই প্রতিবেদনে ২০২৪–২৫ শিক্ষাবর্ষের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এতে দেখা যায়, শহরের ১ লাখ ৫০ হাজারের বেশি গৃহহীন শিক্ষার্থী স্বাভাবিক শিক্ষাব্যবস্থা থেকে পিছিয়ে পড়ছে।

সংস্থাটির মতে, গৃহহীন শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘমেয়াদি অনুপস্থিতির হার তুলনামূলকভাবে বেশি। অনেক শিক্ষার্থীকে স্কুলে যেতে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়, যা তাদের নিয়মিত উপস্থিতিতে বাধা সৃষ্টি করে। এ কারণে প্রায় অর্ধেক শিক্ষার্থী অন্তত প্রতি ১০ দিনের মধ্যে একদিন ক্লাস মিস করছে। এতে মোট মিলিয়ে প্রায় ১১ লাখ শিক্ষাদিবস নষ্ট হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, আবাসন অনিশ্চয়তায় থাকা শিক্ষার্থীদের প্রায় ২০ শতাংশ ২০২৪–২৫ শিক্ষাবর্ষে অন্তত একবার স্কুল পরিবর্তন করতে বাধ্য হয়েছে। এই হার স্থায়ী আবাসনে থাকা শিক্ষার্থীদের তুলনায় চার গুণেরও বেশি।

শিক্ষার্থীদের শিক্ষাগত ফলাফলেও এর প্রভাব স্পষ্ট। ইংরেজি ভাষা ও সাহিত্য (ইএলএ) পরীক্ষায় গৃহহীন শিক্ষার্থীদের মধ্যে মাত্র ৩৩ শতাংশ মানসম্মত ফল অর্জন করতে পেরেছে, যেখানে স্থায়ী বাসস্থানে থাকা শিক্ষার্থীদের ফলাফল প্রায় দ্বিগুণ বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

এএফসি-এর এক পরিচালক জানান, বাসস্থান হারানোর পাশাপাশি শিক্ষার্থীরা তাদের স্কুল, শিক্ষক, বন্ধু এবং পরিচিত পরিবেশ থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়ে, যা তাদের মানসিক ও একাডেমিক অগ্রগতিকে বাধাগ্রস্ত করে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিস্থিতি মোকাবিলায় শহর ও রাজ্য সরকারের মধ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সংস্থাটি একটি আন্তঃসংস্থা জোট গঠনের আহ্বান জানিয়েছে, যাতে গৃহহীন শিক্ষার্থীদের সহায়তায় দীর্ঘমেয়াদি সমাধান তৈরি করা যায়।

নিউইয়র্ক সিটি পাবলিক স্কুলসের চ্যান্সেলর কামার এইচ. স্যামুয়েলস এক বিবৃতিতে বলেন, গৃহহীন শিক্ষার্থীরা প্রায়ই প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত হয় এবং প্রশাসন এই সমস্যার সমাধানে বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে। তিনি ট্রমা-সচেতন ও তথ্যভিত্তিক কৌশল গ্রহণের ওপর গুরুত্ব দেন।

অন্যদিকে সিটি হলের এক মুখপাত্র জানান, প্রশাসন শিক্ষাগত বৈষম্য দূর করতে এবং গৃহহীন শিক্ষার্থীদের সহায়তায় বিভিন্ন কর্মসূচি সম্প্রসারণ ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করছে।
 

নিউইয়র্ক থেকে আরো পড়ুন