https://www.prothomalony.com/
16738
new-york
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬ ০২:২৭
নিউইয়র্ক সিটির নতুন উদ্যোগে দুই বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে চাইল্ড কেয়ার কর্মসূচি ‘২-কে’ প্রচারে এবার যুক্ত হচ্ছেন বিশ্বখ্যাত র্যাপার কার্ডি বি। শহর প্রশাসন একটি জিংগল প্রতিযোগিতা চালু করেছে, যেখানে অংশগ্রহণকারীদের তৈরি গান কর্মসূচির অফিসিয়াল থিম হিসেবে ব্যবহৃত হবে।
নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি ও কার্ডি বি সম্প্রতি এই উদ্যোগের ঘোষণা দেন। কর্মসূচির আবেদন শুরু হবে ২ জুন এবং চলবে ২৬ জুন পর্যন্ত। এর আগে নাগরিকদের আহ্বান জানানো হয়েছে ১৫ বা ৩০ সেকেন্ডের একটি মূল গান তৈরি করে জমা দিতে। যা পরিবারগুলোকে এই প্রোগ্রামে আবেদন করতে উৎসাহিত করবে।
প্রতিযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হলো—এআই ব্যবহার করে তৈরি কোনো গান গ্রহণযোগ্য হবে না। নিয়ম অনুযায়ী, সব সঙ্গীত ও লিরিক্স হতে হবে সম্পূর্ণ মৌলিক এবং কোনো কপিরাইট বা ট্রেডমার্ক লঙ্ঘন করা যাবে না। প্রতিযোগিতায় অংশ নিতে হলে আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং তাঁদের নিউইয়র্ক সিটির বাসিন্দা হতে হবে।
প্রতিযোগিতার প্রতিটি জিংগলে অবশ্যই “myschools.nyc” ওয়েবসাইট উল্লেখ থাকতে হবে এবং এটি পারিবারিক উপযোগী হতে হবে। বিশেষ করে স্প্যানিশ ভাষায় দ্বিভাষিক এন্ট্রি উৎসাহিত করা হচ্ছে।
বিচার প্রক্রিয়া তিন ধাপে সম্পন্ন হবে। প্রথমে মেয়রের দপ্তর থেকে নিয়ম মেনে যাচাই করা হবে। এরপর কার্ডি বি ও অন্যান্য বিশেষ অতিথি বিচারকরা পাঁচটি চূড়ান্ত প্রতিযোগী নির্বাচন করবেন। শেষে নিউইয়র্কবাসীর ভোটে বিজয়ী নির্ধারণ করা হবে। বিজয়ী ঘোষণা করা হবে ১৮ মে এবং সম্ভাব্য বিজয়ীকে ১ জুনের মধ্যে জানানো হবে।
বিজয়ীর জন্য কোনো নগদ পুরস্কার না থাকলেও, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা তাদের কাজের মালিকানা রাখবেন। তবে অংশ নেওয়ার মাধ্যমে তারা শহর প্রশাসনকে তাদের জিংগল ব্যবহারের, সম্পাদনার এবং প্রচারের স্থায়ী অধিকার প্রদান করবেন।
এই উদ্যোগটি মূলত ২-কে কর্মসূচির প্রচারের অংশ। যার মাধ্যমে নিউইয়র্কে দুই বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে চাইল্ড কেয়ার নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে পাঁচটি স্কুল জেলায় এই কর্মসূচি চালু হবে এবং ধীরে ধীরে এর পরিধি বাড়িয়ে সর্বজনীন করা হবে।
মেয়র মামদানি বলেন, অনেক পরিবারকে সাশ্রয়ী শিশু পরিচর্যা ও শহরে বসবাসের মধ্যে কঠিন সিদ্ধান্ত নিতে হয়। নতুন এই উদ্যোগের মাধ্যমে সেই চাপ কমানো সম্ভব হবে। কার্ডি বি-ও মন্তব্য করেন, শিশুদের দেখভাল অনেক পরিবারের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা নারীদের কর্মজীবনে এগিয়ে যেতে সহায়তা করে।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন