https://www.prothomalony.com/
16737
new-york
নিউইয়র্কের ১৫ জন সিনেটর জ্বালানি তেলের ওপর আরোপিত গ্যাস ও ডিজেল কর সাময়িকভাবে স্থগিত করার আহ্বান জানিয়েছেন। জ্বালানি খরচ কমাতে গভর্নর ক্যাথি হোকুলের কাছে এ বিষয়ে পদক্ষেপ নিতে অনুরোধ করেছেন তারা।
জানা গেছে, গত ৩১ মার্চ হাডসন ভ্যালির সিনেটর মিশেল হিনচির পাঠানো একটি চিঠিতে এই প্রস্তাবের পক্ষে সই করেন এসব সিনেটর। চিঠিতে বলা হয়, ইরানে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি খরচ বেড়ে যাওয়ায় নিউইয়র্কবাসীর দৈনন্দিন জীবন, যাতায়াত, শিল্প উৎপাদন ও পর্যটনসহ সবকিছুই প্রভাবিত হচ্ছে। হিনচির মতে, গ্যাস ট্যাক্স ছুটির মতো পদক্ষেপ বাড়তি ব্যয়ের চাপ কিছুটা কমাতে সহায়ক হবে।
এর আগে, ২০২২ সালের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত নিউইয়র্কে গ্যাস ট্যাক্স হ্রাস কার্যকর ছিলভ যার ফলে প্রতি গ্যালনে প্রায় ১৬ সেন্ট পর্যন্ত কর কমানো হয়েছিল। সেই সময় যুক্তরাষ্ট্রজুড়ে মূল্যস্ফীতি ও ইউক্রেন যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের দাম বেড়ে যায়।
হিনচি আরও উল্লেখ করেন, ওই সময় গড় গ্যাসের দাম ছিল প্রতি গ্যালন প্রায় ৩ ডলার এবং ডিজেল ৪ ডলারের কিছু বেশি। বর্তমানে ইরান পরিস্থিতি ও হরমুজ প্রণালীর সংকটের কারণে গ্যাসের দাম বেড়ে প্রায় ৩.৯৪ ডলার এবং ডিজেল ৫.৭৭ ডলার পর্যন্ত পৌঁছেছে।
এদিকে ব্রঙ্কসের অ্যাসেম্বলি সদস্য ল্যান্ডন ডেইসও ৩ থেকে ৬ মাসের জন্য গ্যাস ট্যাক্স সাময়িক স্থগিতের প্রস্তাব দিয়েছেন। তার মতে, এতে স্বল্পমেয়াদে জ্বালানি খরচ কিছুটা নিয়ন্ত্রণে আসতে পারে।
তবে এ প্রস্তাবের বিরোধিতাও রয়েছে। নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশনের সাবেক কর্মকর্তা রন এপস্টেইন বলেন, এই ধরনের কর ছাড় রাজ্যের অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় অর্থায়ন কমিয়ে দিতে পারে। তার মতে, জ্বালানি মূল্যের এই বৃদ্ধি মূলত বৈশ্বিক বাজার ও ফেডারেল নীতির প্রভাবে হয়েছে, তাই এর সমাধানও ফেডারেল পর্যায় থেকে আসা উচিত।
গভর্নর ক্যাথি হোকুল এ প্রস্তাবের বিষয়ে তেমন ইতিবাচক মনোভাব দেখাননি। তিনি বলেন, অতীত অভিজ্ঞতায় দেখা গেছে ট্যাক্স কমানো হলেও কোম্পানিগুলো দামের সমপরিমাণ বৃদ্ধি করে। ফলে ভোক্তারা বাস্তবে খুব বেশি স্বস্তি পান না। তার মতে, এ সমস্যা মূলত ফেডারেল সরকারের নীতির সঙ্গে সম্পর্কিত এবং সেখান থেকেই কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
বর্তমানে নিউইয়র্কে গ্যাস কেনার ক্ষেত্রে রাজ্য ও স্থানীয় উভয় ধরনের কর প্রযোজ্য হয়। রাজ্য প্রতি গ্যালনে প্রায় ৩৩ সেন্ট কর নেয়। পাশাপাশি কিছু কাউন্টিতে স্থানীয় বিক্রয় কর ৭ থেকে ৮ শতাংশ পর্যন্ত রয়েছে।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন