https://www.prothomalony.com/

16617

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কের ২৬ ফেডারেল প্লাজায় বন্দিদের সাংবিধানিক অধিকার লঙ্ঘনের অভিযোগ

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬ ০৪:১৫

মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইস'কে আগামী মে মাসের শেষ দিকে নিউইয়র্কের ২৬ ফেডারেল প্লাজায় তাদের আটক কেন্দ্রের পরিস্থিতি নিয়ে ফেডারেল আদালতে জবাবদিহি করতে হবে। মেক দ্য রোড নিউইয়র্ক, ওয়াং হেকার ল ফার্ম এবং নিউইয়র্ক সিভিল লিবার্টিজ ইউনিয়নের পক্ষ থেকে দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে যে, অভিবাসীদের সেখানে অতিরিক্ত ভিড় ও অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হয়েছে এবং আইনজীবীর সঙ্গে যোগাযোগের সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে।

মামলায় আরও বলা হয়, এই আটক ঘটনায় মার্কিন সংবিধানের প্রথম সংশোধনী লঙ্ঘিত হয়েছে, কারণ বন্দিরা আইনি পরামর্শ নিতে পারেননি। পাশাপাশি পঞ্চম সংশোধনীও ভঙ্গ হয়েছে, কারণ যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই তাদের শাস্তিমূলক পরিবেশে রাখা হয়েছে। ফেডারেল বিচারক লুইস কাপলানের আদালতে এই বিচার আগামী ২৬ মে শুরু হবে।

গত আগস্ট মাসে নিউইয়র্কে আইস এর গ্রেপ্তার অভিযান তীব্র আকার ধারণ করলে এই ক্লাস অ্যাকশন মামলা দায়ের করা হয়। মামলাটি ভবিষ্যতে যারা ওই কেন্দ্রে আটক হবেন তাদের পক্ষেও দায়ের করা হয়েছে। সে সময় ১০ম তলার আটক কক্ষে নিউইয়র্ক ও আশেপাশের এলাকা থেকে গ্রেপ্তার করা মানুষদের গাদাগাদি করে রাখা হচ্ছিল। খাবার ও পানির সরবরাহ ছিল অত্যন্ত সীমিত, যা বন্দিদের বক্তব্য এবং ভিডিও প্রমাণের মাধ্যমে নিশ্চিত হয়েছে।

মামলার পক্ষে জমা দেওয়া প্রত্যক্ষদর্শী বিবরণে উঠে আসে এক ২০ বছর বয়সী নারীর কথা, যিনি কয়েকদিন ধরে ঋতুস্রাবের রক্তে আচ্ছন্ন অবস্থায় থাকতে বাধ্য হন, কারণ একটি কক্ষ ভর্তি নারীদের জন্য মাত্র দুটি প্যাড দেওয়া হয়েছিল। আরেকটি ঘটনায় এক বন্দি জানান, একজন প্রহরী পুরুষদের সারিবদ্ধ করে দাঁড় করিয়ে মুখে ফোঁটা ফোঁটা পানি দিচ্ছিলেন। ভিডিওতে দেখা যায়, বন্দিরা একটি টয়লেটের পাশেই মেঝেতে গায়ে গা লাগিয়ে শুয়ে আছেন।

আইস এর নিজস্ব তথ্য বিশ্লেষণে দেখা যায়, যেসব কক্ষে বিছানার কোনো ব্যবস্থা নেই এবং যেগুলো সর্বোচ্চ ১২ ঘণ্টার জন্য নির্মিত, সেখানে মানুষ গড়ে চার দিনেরও বেশি সময় কাটাতে বাধ্য হচ্ছিলেন। জুন মাসের এক রাতে সেখানে একসঙ্গে ১৮৬ জন পর্যন্ত রাত কাটিয়েছেন।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে বিচারক লুইস কাপলান গত গ্রীষ্মে দ্রুত হস্তক্ষেপ করেন এবং প্রথমে অস্থায়ী নিষেধাজ্ঞা ও পরে প্রাথমিক নিষেধাজ্ঞা জারি করেন। এতে আটক কক্ষে ধারণক্ষমতা কঠোরভাবে সীমিত করা হয় এবং আইসকে খাবার, পানি, স্বাস্থ্যসম্মত পণ্য এবং আইনি পরামর্শের সুযোগ নিশ্চিত করতে বাধ্য করা হয়।

এরপর থেকে অভিবাসী অধিকার সংগঠনগুলো এবং ট্রাম্প প্রশাসনের আইনজীবীরা তথ্য সংগ্রহের পর্যায়ে দেনদরবার চালিয়ে আসছেন। এই প্রক্রিয়ায় আইস এর শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সাক্ষ্য নেওয়া হয়েছে। এক সাক্ষ্যগ্রহণে আইস এর নিউইয়র্ক ডেপুটি ফিল্ড অফিস ডিরেক্টর উইলিয়াম জয়েস স্বীকার করেন যে, সংস্থাটি এতদিন অপ্রকাশিত ৯ম তলায়ও বন্দিদের রাখছিল।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন