https://www.prothomalony.com/
16532
new-york
প্রকাশ: ১৭ মার্চ ২০২৬ ০৩:৩৭
নিউইয়র্ক সিটির মেয়রের অভিবাসী বিষয়ক দপ্তর (Mayor’s Office of Immigrant Affairs – MOIA) শহরের অভিবাসী জনগোষ্ঠী ও তাদের জন্য নেওয়া বিভিন্ন উদ্যোগ নিয়ে একটি নতুন প্রতিবেদন প্রকাশ করেছে। সোমবার দপ্তরের কমিশনার ফাইজা এন. আলী এই প্রতিবেদন প্রকাশ করেন।
প্রতিবেদনটিতে নিউইয়র্ক সিটির অভিবাসীদের জনসংখ্যাগত চিত্র তুলে ধরা হয়েছে এবং অভিবাসী সম্প্রদায়কে সহায়তা করতে এমওআইএ-এর বিভিন্ন কর্মসূচি ও কার্যক্রমের প্রভাব তুলে ধরা হয়েছে। পাশাপাশি মেয়র জোহরান কে. মামদানির প্রশাসনের অধীনে অর্থনৈতিক ন্যায়বিচার (Economic Justice) অগ্রাধিকারের আওতায় দপ্তরের নতুন লক্ষ্য ও পরিকল্পনাও এতে উল্লেখ করা হয়েছে।
মেয়র জোহরান মামদানি বলেন, “নিউইয়র্ক সিটিতে ৩০ লাখের বেশি অভিবাসী বাস করেন। এই প্রতিবেদনটি আমাদের অভিবাসী সম্প্রদায়কে সহায়তা করার জন্য চলমান কাজের প্রতিফলন—যার মধ্যে রয়েছে এলাকাভিত্তিক আইনি সহায়তা নেটওয়ার্ক, বহুভাষিক প্রচারণা, শ্রমিক সুরক্ষা উদ্যোগ, প্রতারণা প্রতিরোধ শিক্ষা, ইংরেজি ভাষা শিক্ষা এবং বিভিন্ন সেবার সঙ্গে সংযোগ তৈরির ব্যবস্থা।”
অর্থনৈতিক ন্যায়বিচার বিষয়ক ডেপুটি মেয়র জুলি সু বলেন, “অভিবাসী নিউইয়র্কবাসীরা আমাদের শহরের অর্থনীতি ও পাড়া-মহল্লার শক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা যেন সম্মানিত, নিরাপদ এবং শহরের পূর্ণাঙ্গ জীবনে অংশ নিতে পারেন—এটি নিশ্চিত করতে আমরা কাজ করছি। অভিবাসী শ্রমিকদের সুরক্ষা, অভিবাসী মালিকানাধীন ব্যবসাকে সহায়তা এবং সবার জন্য সুযোগ সম্প্রসারণে প্রশাসন জুড়ে উদ্যোগ চলছে।”
এদিকে এমওআইএ কমিশনার ফাইজা এন. আলী বলেন, “পাকিস্তানের আজাদ কাশ্মীর থেকে আসা অভিবাসী পরিবারের সন্তান হিসেবে নিউইয়র্কবাসীর সেবায় কাজ করতে পেরে আমি গর্বিত। আমাদের কমিউনিটি পার্টনার ও বিভিন্ন অংশীদারের সঙ্গে কাজ করে শহরের বৈচিত্র্যময় অভিবাসী সম্প্রদায়ের জন্য স্থিতিশীলতার বাস্তব পথ তৈরি করতে চাই।”
প্রতিবেদন অনুযায়ী, এমওআইএ অভিবাসী নিউইয়র্কবাসীদের ক্ষমতায়ন এবং শহরের ‘সাংকচুয়ারি সিটি’ নীতিমালা রক্ষায় কাজ চালিয়ে যাচ্ছে। এতে অভিবাসীদের সামনে থাকা বিভিন্ন চ্যালেঞ্জ, শহরের অভিবাসী জনসংখ্যার তথ্য-উপাত্ত এবং ২০২৫ সালে এমওআইএ পরিচালিত বিভিন্ন কর্মসূচির কার্যক্রম তুলে ধরা হয়েছে।
নতুন কমিশনার ফাইজা এন. আলীর নেতৃত্বে এমওআইএ চারটি প্রধান অগ্রাধিকারে কাজ করবে:
১. অভিবাসীদের অধিকার ও যথাযথ আইনি প্রক্রিয়া রক্ষা এবং সাংকচুয়ারি আইন সমুন্নত রাখা
২. সমন্বিত ও টেকসই সহায়তা ব্যবস্থা গড়ে তোলা
৩. জীবনযাত্রার ব্যয় কমানো, শ্রমিক সুরক্ষা ও অর্থনৈতিক অন্তর্ভুক্তি জোরদার করা
৪. ভয় কমিয়ে জনআস্থা বৃদ্ধি করা
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে এমওআইএ প্রায় ৩৭ হাজার অভিবাসী নিউইয়র্কবাসীর সঙ্গে সরাসরি যোগাযোগ করেছে। দপ্তরটি ৬৪টি ভাষায় ১০ হাজারের বেশি টেলিফোনিক অনুবাদ সেবা দিয়েছে। এমওআইএর ইমিগ্র্যান্ট হটলাইনে ২৫ হাজারের বেশি কল এসেছে এবং প্রায় ১১ হাজার অভিবাসীকে আইনি সহায়তার জন্য বিস্তারিত স্ক্রিনিং করা হয়েছে।
এছাড়া ইংরেজি ভাষা শেখার কর্মসূচির আওতায় ২৩৯টি ক্লাস পরিচালনা করা হয়েছে, যেখানে প্রায় ৫ হাজার শিক্ষার্থী অংশ নেন।
সম্পূর্ণ প্রতিবেদন দেখতে এবং মেয়রের অভিবাসী বিষয়ক দপ্তরের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহীরা nyc.gov/immigrants ওয়েবসাইটে ভিজিট করতে পারেন।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন