https://www.prothomalony.com/
16530
new-york
নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপের উদ্যোগে আন্তধর্মীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে কমিউনিটির গণ্যমান্য ব্যবসায়ী, সামাজিক ব্যক্তিত্ব ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের স্বাগত জানান গ্রুপের কর্ণধার বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাদের শিশির। অনুষ্ঠানে মোনাজাতের আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নিউইয়র্ক মোহাম্মদী কমিউনিটি-ইন্টারফেইথ সেন্টার, নিউইয়র্ক কাজী অফিস ও নিউইয়র্ক ঈদগাহর পরিচালক ইমাম কাজী কায়্যূম।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রে ইফতার আয়োজনের ইতিহাস অনেক পুরোনো। ১৮০৫ সালের ৯ ডিসেম্বর হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের তৃতীয় প্রেসিডেন্ট থমাস জেফারসন একজন তিউনিসীয় মুসলিম নাবিক সিদি সোলাইমান মিলিমিলির সম্মানে প্রথম ইফতার আয়োজন করেছিলেন। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় আজ নিউইয়র্কের মিনি বাংলাদেশখ্যাত জ্যাকসন হাইটসে এ ধরনের আয়োজন অনুষ্ঠিত হচ্ছে।
তিনি আরও বলেন, আমেরিকায় মুসলমানদের উপস্থিতির ইতিহাস ১৮৭৮ থেকে ১৯২৪ সালের অভিবাসনের সময়কাল থেকে দৃশ্যমান হলেও তারও আগে ষোড়শ শতকে দাস হিসেবে আমেরিকায় আনা অনেক আফ্রিকান মুসলমান ছিলেন। যুক্তরাষ্ট্রে প্রথম প্রাতিষ্ঠানিক মসজিদ নির্মিত হয় ১৯২০ সালে নর্থ ডাকোটা অঙ্গরাজ্যে। বর্তমানে দেশটিতে প্রায় ৪ মিলিয়ন মুসলমান বসবাস করছেন।
বক্তারা জানান, ১৮০৫ সালের পর দীর্ঘ বিরতির পর ১৯৯৬ সালে ফার্স্ট লেডি হিলারি ক্লিনটনের উদ্যোগে হোয়াইট হাউসে আবার ইফতার আয়োজন করা হয়। পরবর্তীতে প্রেসিডেন্ট জর্জ বুশ, বারাক ওবামা ও জো বাইডেনও হোয়াইট হাউসে মুসলমানদের সম্মানে ইফতার অনুষ্ঠানের আয়োজন করেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রথম মেয়াদে এ আয়োজন না করলেও দ্বিতীয় মেয়াদে ২০২৫ সালের ২৭ মার্চ ঐতিহ্য ধরে রাখতে হোয়াইট হাউসে ইফতার অনুষ্ঠানের আয়োজন করেন। তবে ২০২৬ সালে আন্তর্জাতিক পরিস্থিতির কারণে হোয়াইট হাউসে ইফতার আয়োজন না হলেও রমজানের শুরুতে তিনি যুক্তরাষ্ট্রের মুসলিম কমিউনিটিকে শুভেচ্ছা বার্তা দেন।
উল্লেখ্য, গত ১১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ, ২২ রমজান ১৪৪৭ হিজরি তারিখে জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে এ আন্তধর্মীয় ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন