https://www.prothomalony.com/
16453
new-york
প্রকাশ: ১০ মার্চ ২০২৬ ০৩:০৭
নিউইয়র্কভিত্তিক অলাভজনক মানবহিতৈষী ও সেবামূলক সংগঠন দি অপ্টিমিস্টের শিক্ষাবৃত্তি কর্মসূচিতে ৫০ জন শিক্ষার্থীর জন্য অনুদান প্রদান করেছেন হিউম্যান কনসার্ন ইউএসএর নির্বাহী পরিচালক মাসুম মাহবুব।
৯ মার্চ সোমবার নিউইয়র্কের অ্যাস্টোরিয়ার একটি রেস্তোরাঁয় অনানুষ্ঠানিক আলাপচারিতায় এই অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দি অপ্টিমিস্টের অন্যতম প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন চৌধুরী রানা, বীর মুক্তিযোদ্ধা সুব্রত বিশ্বাস, মিনহাজ শাম্ভু, অ্যাস্টোরিয়া ওয়েলফেয়ারের জাবেদ উদ্দিন, বিশিষ্ট ট্রাভেল ব্যবসায়ী নজরুল ইসলাম, প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহীম চৌধুরী, একই পত্রিকার নির্বাহী সম্পাদক মনজুরুল হক এবং জাসদ নেতা ও কমিউনিটি সংগঠক দেওয়ান শাহেদ চৌধুরীসহ কমিউনিটির আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তি।
অনুষ্ঠানে বক্তারা জানান, গত ছাব্বিশ বছর ধরে ব্যক্তি অনুদানের ভিত্তিতে দি অপ্টিমিস্ট বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষায় সহায়তা করে আসছে। এই সেবামূলক উদ্যোগের মাধ্যমে ইতোমধ্যে হাজার হাজার শিক্ষার্থীর শিক্ষার পথ সুগম হয়েছে।
মতবিনিময় সভায় মাসুম মাহবুব বিশ্বজুড়ে তাদের সংগঠনের কার্যক্রম ও মানবিক উদ্যোগ নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। পরে তাৎক্ষণিকভাবে দি অপ্টিমিস্টের শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় পঞ্চাশজন শিক্ষার্থীর জন্য অনুদানের অর্থ অপ্টিমিস্ট নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করেন।
দি অপ্টিমিস্ট একটি যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক মানবহিতৈষী ও সেবামূলক সংগঠন, যা মূলত বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিত করতে কাজ করে। সংগঠনটির প্রধান লক্ষ্য হলো বাংলাদেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে থাকা মেধাবী অথচ আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করে ঝরে পড়া রোধ করা।
বর্তমানে সংস্থাটি বাংলাদেশের প্রায় বাইশটি জেলার এক হাজার একশ’রও বেশি শিক্ষার্থীকে নিয়মিত সহায়তা প্রদান করছে। এই সহায়তার আওতায় শিক্ষার্থীদের স্কুল ও কলেজের বেতন, টিউশন ফি এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ কেনার জন্য আর্থিক অনুদান দেওয়া হয়।
সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় ভবিষ্যতে এই শিক্ষাবৃত্তি কর্মসূচির পরিধি আরও বিস্তৃত হবে।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন