https://www.prothomalony.com/
16161
new-york
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারী ২০২৬ ০৫:২৯
মহিমান্বিত রাত শবে বরাত বা লাইলাতুন নিসফি মিন শাবান জ্যাকসন হাইটসে এ বছর উদযাপিত হয়েছে ব্যতিক্রমী আবেগ ও উদ্দীপনায়। গত ২ ফেব্রুয়ারি (সোমবার) বাদ মাগরিব সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠিত এই মাহফিলে শবে বরাতের মাহাত্ম্য ও ফজিলত তুলে ধরেন আমন্ত্রিত আলেম ও বক্তারা।
দীর্ঘ প্রায় এক যুগ ধরে স্থানীয় কিছু মসজিদ ও ইসলামিক সেন্টারে এ রাতের কর্মসূচি না থাকায় প্রবাসী মুসলমানদের মধ্যে যে আফসোস ও বেদনাবোধ জমে উঠেছিল, তারই এক অনন্য প্রতিফলন ঘটেছে এ আয়োজনের মাধ্যমে।
বিষয়টি গভীরভাবে অনুধাবন করেন গোল্ডেন এইজ হোমকেয়ার ও শাহ নেওয়াজ গ্রুপের সিইও বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজ ও তাঁর সহধর্মিণী রানো নেওয়াজ। জ্যাকসন হাইটসের মুসলমানদের দীর্ঘদিনের আক্ষেপের প্রতি সাড়া দিয়ে তাঁরা দ্রুততার সঙ্গে একটি রূহানী মাহফিল আয়োজনের উদ্যোগ নেন। তাঁদের এই উদ্যোগে বিগত ১০ বছর ধরে যে শবে বরাত উদযাপন থেকে বঞ্চিত ছিলেন স্থানীয় মুসলমানরা, এ বছর তাঁরা তা পালন করেন ব্যাপক উৎসাহ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে।
অতিথি বক্তা ইমাম কাজী কায়্যূম তাঁর বক্তব্যে বলেন, পবিত্র কোরআনের সূরা দুখানের আয়াতের মর্মার্থ অনুযায়ী এই রাতে মহান আল্লাহ বান্দার জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ফয়সালা করে থাকেন। বিগত এক বছরের আমলনামা পেশ করা হয় এবং আগামী এক বছরের জন্ম-মৃত্যু, সুখ-দুঃখ, ভালো-মন্দ ও বিপদাপদ লিপিবদ্ধ করা হয়। সূর্যাস্ত থেকে ফজর পর্যন্ত আল্লাহ তায়ালা ক্ষমা ও দান করার জন্য বান্দাদের অপেক্ষায় থাকেন—এ কারণেই এ রাত মানব জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে পবিত্র কালাম থেকে তেলাওয়াত করেন নতুন প্রজন্মের ইমাম ক্বারী মুসতানজিদ বিল্লাহ রাব্বানী। এছাড়া বক্তৃতা রাখেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, এটর্নি মঈন চৌধুরী, গোল্ডেন এইজ হোমকেয়ার প্রোগ্রাম প্ল্যানার অনিক রাজ, আই টিভির পরিচালক শহীদুল্লাহ, জেএমসি’র নবনির্বাচিত সাধারণ সম্পাদক ফখরুল দেলওয়ার এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট ফাহাদ সোলাইমানসহ আরও অনেকে।
অনুষ্ঠানের সভাপতি শাহ নেওয়াজ স্বল্প সময়ের নোটিশে মাহফিলে উপস্থিত হওয়া সকল অংশগ্রহণকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ঘোষণা দেন, ইনশাআল্লাহ এই মাহফিল প্রতি বছরই অনুষ্ঠিত হবে। তিনি দৃঢ় প্রত্যয়ে বলেন, শবে বরাত বিদ্বেষীরা মসজিদ বন্ধ করে দিলেও ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে জ্যাকসন হাইটসে শবে বরাত পালিত হবে।
মিলাদুন্নবী ও ঈসালে সাওয়াবের দোয়া পরিচালনা করেন ইমাম কাজী কায়্যূম। দোয়া শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তাবারক বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন শাহ শহীদুল হক।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন