https://www.prothomalony.com/

16139

new-york

নিউইয়র্ক

সাউথ এশিয়ান কালচারাল সেন্টারের দুই বছর পূর্তি

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারী ২০২৬ ১৪:১৪

নিউইয়র্কের জ্যামাইকার সেন্টারলাইট হেলথকেয়ারের প্রোগ্রাম অব অল-ইনক্লুসিভ কেয়ার ফর দ্য এল্ডারলি (PACE) তাদের সাউথ এশিয়ান কালচারাল সেন্টারের দুই বছর পূর্তি উদযাপন করেছে। গত ২৮ জানুয়ারি (বুধবার)  এ উপলক্ষে অংশগ্রহণকারী, স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ ও সেন্টারলাইটের কর্মকর্তা-কর্মচারীরা একত্রিত হয়ে কেন্দ্রটির অগ্রযাত্রা এবং বিকল্প সেবা কেন্দ্র (Alternative Care Setting) হিসেবে এর গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন সেন্টারলাইট হেলথকেয়ারের চিফ অপারেশনস অফিসার প্যাট্রিসিয়া কনেলি এবং থেরাপিউটিক রিক্রিয়েশনের পরিচালক ক্যাথলিন কিগান। তাঁরা কেন্দ্রটির যাত্রাপথের কথা স্মরণ করে বলেন, উদ্বোধনের সময় যেখানে প্রতি সপ্তাহে মাত্র চারজন অংশগ্রহণকারী সেবা গ্রহণ করতেন, সেখানে বর্তমানে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ জনে। কেন্দ্রটি চালু হওয়ার পর থেকে অংশগ্রহণকারীরা এখানে তাদের সংস্কৃতি ও বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পরিবেশে নামাজ, ধ্যান, ঐতিহ্যবাহী খাবার এবং মাসে শতাধিক কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। এর মধ্যে যোগব্যায়াম, হস্তশিল্প এবং হোলি, দীপাবলি ও ঈদের মতো নানা ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব উদযাপন বিশেষভাবে উল্লেখযোগ্য, যা অংশগ্রহণকারীদের সামগ্রিক শারীরিক ও মানসিক সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্যাট্রিসিয়া কনেলি বলেন, দুই বছর পর আজ আমরা দেখছি, আপনারা সবাই একটি কমিউনিটি হিসেবে এখানে একত্রিত হয়ে সামাজিক যোগাযোগ গড়ে তুলছেন, বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। এটি আপনাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা গর্বিত যে সেন্টারলাইট এই দক্ষিণ এশীয় সাংস্কৃতিক কেন্দ্রটি আপনাদের জন্য নিয়ে আসতে পেরেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুইন্স কমিউনিটি বোর্ড ১২-এর চেয়ারপারসন রেভারেন্ড কার্লিন ও. থর্স। তিনি কেন্দ্রটির উদ্বোধন অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন এবং দুই বছরে এর উল্লেখযোগ্য অগ্রগতি প্রত্যক্ষ করেছেন। কমিউনিটি কোঅর্ডিনেটর আনিকি সিংও অনুষ্ঠানে অংশ নেন। তাঁরা উভয়েই অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণ এবং কেন্দ্রের উষ্ণ ও প্রাণবন্ত পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।

উদযাপনকে আরও রঙিন করে তুলতে কেন্দ্রের একদল অংশগ্রহণকারী বিশেষভাবে প্রস্তুত করা একটি নৃত্য পরিবেশন করেন। এটি ছিল সেই কেন্দ্রের প্রতি তাঁদের কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ, যা তাঁদের জীবনে আনন্দ ও নতুন উদ্দীপনা এনে দিয়েছে। সেন্টারলাইট পেসের অংশগ্রহণকারী নাসরিন জানজুয়া বলেন, এই কেন্দ্রে যোগ দেওয়ার পর তাঁর জীবন পুরোপুরি বদলে গেছে। আগে তিনি ঘরেই থাকতেন, সারাদিন মন খারাপ করে টেলিভিশন দেখতেন। মেয়ের উৎসাহে এখানে একদিন আসা শুরু করলেও এক মাসের মধ্যেই তাঁর মানসিক পরিবর্তন আসে এবং তিনি এখন সপ্তাহে দুই দিন অংশগ্রহণ করছেন। পাশাপাশি তিনি ফ্লাশিংয়ে অবস্থিত সেন্টারলাইট পেস কেন্দ্রে চিকিৎসা, ব্যায়াম ও থেরাপি সেবাও গ্রহণ করছেন।

সেন্টারলাইট হেলথকেয়ার পেস কর্তৃপক্ষ জানায়, তারা বয়স্কদের জীবনের মান উন্নয়নে সাংস্কৃতিকভাবে সংবেদনশীল সেবা, মানসম্মত চিকিৎসা ও সামাজিক সহায়তা, কমিউনিটি সম্পৃক্ততা এবং নিয়মিত প্রাণবন্ত আয়োজনের মাধ্যমে তাদের প্রতিশ্রুতি অব্যাহত রাখবে।

উল্লেখ্য, সেন্টারলাইট হেলথকেয়ার পেস নিউইয়র্ক সিটি, ওয়েস্টচেস্টার, নাসাউ ও ওয়েস্টার্ন সাফোক কাউন্টিতে ৫৫ বছর ও তদূর্ধ্ব বয়সীদের জন্য সমন্বিত ও কমিউনিটি-ভিত্তিক স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে। চিকিৎসক, নার্স, ডায়েটিশিয়ান, সমাজকর্মী, পুনর্বাসন থেরাপিস্ট ও থেরাপিউটিক রিক্রিয়েশন বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি আন্তঃবিভাগীয় দল অংশগ্রহণকারীদের নিজ নিজ বাসস্থানে নিরাপদ ও স্বাধীনভাবে জীবনযাপনে সহায়তা করে। পাশাপাশি সেন্টারলাইটের বিকল্প সেবা কেন্দ্রগুলো তুলনামূলক ছোট ও ঘনিষ্ঠ পরিবেশে সামাজিক যোগাযোগ, ব্যক্তিগত যত্ন, বিনোদনমূলক কার্যক্রম ও খাবারের ব্যবস্থা করে থাকে, যা অংশগ্রহণকারীদের জন্য বিশেষভাবে উপযোগী।

 

নিউইয়র্ক থেকে আরো পড়ুন