https://www.prothomalony.com/

16019

new-york

নিউইয়র্ক

ফ্রি বাস চান মামদানি, ভাড়া আদায়ে কঠোর হচ্ছে এমটিএ

প্রকাশ: ২২ জানুয়ারী ২০২৬ ০৫:০২

নিউইয়র্ক সিটিতে বাসে ভাড়া ফাঁকি এখন বড় আর্থিক সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে। একদিকে মেয়র জোহরান মামদানি শহরে ফ্রি বাস চালুর পক্ষে অবস্থান নিচ্ছেন, অন্যদিকে ভাড়া ফাঁকির কারণে প্রতিবছর শহরটির প্রায় ৯০০ মিলিয়ন ডলার থেকে ১ বিলিয়ন ডলার রাজস্ব হারাচ্ছে বলে জানা গেছে।

অনুসন্ধানে দেখা গেছে, নিউইয়র্ক সিটির বিভিন্ন ব্যস্ত বাস রুটে যাত্রীদের বড় একটি অংশ কোনো ভাড়া না দিয়েই বাসে উঠছেন। ব্রঙ্কসের বিএক্স১২ এবং হার্লেম থেকে ম্যানহাটনগামী এম১৫ রুটে অনুসন্ধান চালিয়ে দেখা যায়, অনেক ক্ষেত্রে ভিড় করা বাসে ওঠা যাত্রীদের অর্ধেকেরও বেশি ভাড়া পরিশোধ করছেন না।

নিয়ম অনুযায়ী, এমটিএ বাসে ওঠার সময় যাত্রীদের ফোন বা ক্রেডিট কার্ড ব্যবহার করে ইলেকট্রনিক ওএমএনওয়াই পেমেন্ট সিস্টেমে ট্যাপ করার কথা। ভাড়া পরিশোধ হলে সবুজ ‘গো’ সংকেত দেখা যায়। কিন্তু বাস্তবে দেখা গেছে, শুধু পেছনের দরজা নয়—চালকের পাশের সামনের দরজায় উঠেও বহু যাত্রী ভাড়া না দিয়েই প্রবেশ করছেন। দুই ঘণ্টার পর্যবেক্ষণে ক্যামেরায় ডজন ডজন এমন ঘটনা ধরা পড়ে; কোথাও কোথাও পুরো দল একসঙ্গে ভাড়া না দিয়েই বাসে ওঠে।

সম্প্রতি কুইন্সের কিউ৭০ বাসে চড়ে মেয়র মামদানি আবারও ফ্রি বাস চালুর অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, দেশের সবচেয়ে ব্যয়বহুল শহরে বাসকে দ্রুত ও ফ্রি করার প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা আগের মতোই প্রতিশ্রুতিবদ্ধ।

তবে সিটিজেনস বাজেট কমিশন (সিবিসি)–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বাস্তবে ইতোমধ্যেই বিপুলসংখ্যক মানুষ অনিয়মিতভাবে বিনা ভাড়ায় বাসে যাতায়াত করছেন। কমিশনের হিসাবে, প্রতি মিনিটে ৭০০–এর বেশি যাত্রী বাসে ভাড়া ফাঁকি দিচ্ছেন। সাবওয়ে ভাড়া ফাঁকির সঙ্গে মিলিয়ে গত বছর এই ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৯০০ মিলিয়ন ডলার।

সিবিসির বিশ্লেষক আনা শ্যাম্পেনি বলেন, বাস ভাড়া ফাঁকি এমটিএ–এর জন্য বড় চ্যালেঞ্জ। প্রতিটি বাসে একজন করে পুলিশ বা নিরাপত্তারক্ষী বসানো বাস্তবসম্মত নয়।

এমটিএ–এর প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যানো লিবার বলেন, এই অর্থ গণপরিবহন উন্নয়ন ও বাস চালু রাখার জন্য অত্যন্ত জরুরি। রাজস্ব যদি এভাবে নষ্ট হয়, তাহলে আমরা বাস ও সাবওয়ে চালিয়ে যেতে পারব না।

ফ্রি বাস ব্যবস্থা নিয়ে প্রশ্ন করা হলে লিবার জানান, নতুন মেয়র ও তার টিমের সঙ্গে এ বিষয়ে আলোচনা হবে, তবে বিষয়টি জটিল। তার ভাষায়, মেয়র গণপরিবহনবান্ধব—এটা আমাদের জন্য ইতিবাচক। কিন্তু কিছু কঠিন বাস্তবতা আমাদের সমাধান করতে হবে।

বাস্তবে এমটিএ ফ্রি বাস ব্যবস্থার ওপর নির্ভর করছে না বলেই ইঙ্গিত মিলেছে। সংস্থাটি জানিয়েছে, চলতি বছরের শেষ নাগাদ বাসে উঠার পর যাত্রীদের ভাড়া পরিশোধ করা হয়েছে কি না তা যাচাই করতে হ্যান্ডহেল্ড ডিভাইসসহ ভাড়া পরীক্ষক নিয়োগ দেওয়া হবে।

এদিকে গভর্নর ক্যাথি হোকুল স্পষ্ট করে বলেছেন, রাজ্যের বাজেটে নিকট ভবিষ্যতে ফ্রি বাস কর্মসূচির জন্য কোনো অর্থ বরাদ্দের পরিকল্পনা নেই। অন্তত আগামী এক বছরের মধ্যে এটি তাঁর বাজেট পরিকল্পনার অংশ নয়।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন