https://www.prothomalony.com/

16018

science-tech

বিজ্ঞান ও প্রযুক্তি

করপোরেট কর বাড়তি হার বহাল রেখে রেকর্ড ২৬০ বিলিয়ন ডলারের বাজেটের পরিকল্পনা নিউইয়র্কের

প্রকাশ: ২১ জানুয়ারী ২০২৬ ০৭:৪১

রেকর্ড ২৬০ বিলিয়ন ডলারের রাজ্য বাজেট বাস্তবায়নে করপোরেট করের উচ্চ হার আরও অন্তত তিন বছর বহাল রাখার পরিকল্পনা করেছে নিউইয়র্ক অঙ্গরাজ্য। রাজ্য কর্মকর্তারা জানিয়েছেন, সম্ভাব্য ফেডারেল তহবিল কাটছাঁটের প্রভাব মোকাবিলা করতেই এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

গভর্নর ক্যাথি হোকুল মঙ্গলবার প্রস্তাবিত ব্যয় পরিকল্পনা উপস্থাপন করার কথা রয়েছে। বাজেট সংশ্লিষ্ট নেতারা বলছেন, এটি নতুন করে কর বাড়ানো নয়; বরং বিদ্যমান করনীতির ধারাবাহিকতা।

জানা গেছে, প্রস্তাবিত ২৬০ বিলিয়ন ডলারের বাজেট গত বছরের ২৫৪ বিলিয়ন ডলারের তুলনায় প্রায় ২ দশমিক ৪ শতাংশ বেশি। এ বাজেটের আওতায় নিউইয়র্ক সিটিতে দুই বছর বয়সী শিশুদের পরিবারকে সহায়তার লক্ষ্যে বহুবছর মেয়াদি শিশু যত্ন উদ্যোগসহ সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণের প্রতিশ্রুতিও রয়েছে। যাদের মুনাফা ৫০ লাখ ডলারের বেশি এমন বড় করপোরেশনের উচ্চ করহার ২০২৯ অর্থবছর পর্যন্ত বাড়ানোর পক্ষে জোর দেবেন আগামী নভেম্বরে পুনর্নির্বাচনে অংশ নিতে যাওয়া গভর্নর হোকুল।

রাজ্যের বাজেট পরিচালক ব্লেক ওয়াশিংটন বলেন, শিক্ষা, শিশু যত্ন ও মেডিকেইডসহ গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগ অব্যাহত রাখতে বর্তমান করআইন বহাল রাখা জরুরি। কোভিড-১৯ মহামারির সময় চালু হওয়া এই করহার চলতি বছরের এপ্রিলের শুরুতে মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। এটি বহাল থাকলে বছরে প্রায় ১ দশমিক ৬ বিলিয়ন ডলার অতিরিক্ত রাজস্ব আসতে পারে বলে কর্মকর্তারা ধারণা করছেন। একই সঙ্গে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানিসহ প্রগতিশীল নেতাদের পক্ষ থেকে ধনীদের ওপর কর বাড়ানোর রাজনৈতিক চাপও রয়েছে।

ব্যয় পরিকল্পনায় শিক্ষা খাতে ৩৯ দশমিক ৩ বিলিয়ন ডলার বরাদ্দের প্রস্তাব রয়েছে। যা গত বছরের তুলনায় প্রায় ৪ দশমিক ৩ শতাংশ বেশি। স্বাস্থ্য খাতে বরাদ্দ ধরা হয়েছে ৩৮ দশমিক ২ বিলিয়ন ডলার। তবে বাজেট কর্মকর্তারা সতর্ক করেছেন, ১ এপ্রিল শুরু হতে যাওয়া নতুন অর্থবছরে নিউইয়র্ককে প্রায় ১০ দশমিক ৩ বিলিয়ন ডলারের ফেডারেল তহবিল কাটছাঁটের মুখে পড়তে হতে পারে, যা রাজ্য আয়ের সিদ্ধান্তকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে।

একই সঙ্গে অতিরিক্ত কর আরোপে সতর্ক অবস্থান নেওয়ার কথাও জানিয়েছেন রাজ্য নেতারা। তাদের আশঙ্কা, কর বেশি হলে কোম্পানি ও উচ্চ আয়ের ব্যক্তিরা কম করের রাজ্যে চলে যেতে পারেন। ব্লেক ওয়াশিংটন বলেন, ব্যবসায়িক স্থানান্তরের বিষয়টি আর্থিক পরিকল্পনায় বিবেচনায় রাখা হচ্ছে এবং করনীতিতে রাজস্ব চাহিদা ও অর্থনৈতিক প্রতিযোগিতার মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে।

করপোরেট করের পাশাপাশি নির্বাহী বাজেটে তামাকমুক্ত নিকোটিন পাউচ, যেমন: জেডওয়াইএন পণ্যের ওপর নতুন কর আরোপের প্রস্তাব আসতে পারে। প্রস্তাবিত ৭৫ শতাংশ কর থেকে প্রায় ৫৪ মিলিয়ন ডলার রাজস্ব আসতে পারে, যা মেডিকেইডসহ স্বাস্থ্য খাতে ব্যয় মেটাতে ব্যবহার করা হবে। কর্মকর্তাদের মতে, এসব পণ্য জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়ায়; কর বাড়ালে ব্যবহার নিরুৎসাহিত হওয়ার পাশাপাশি প্রতিরোধমূলক কর্মসূচিতে অর্থ জোগান দেওয়া সম্ভব হবে।

বর্তমানে নিউইয়র্ক আগামী বছরে প্রায় ৬ বিলিয়ন ডলারের বাজেট ঘাটতির পূর্বাভাস দিচ্ছে, যা ২০৩০ অর্থবছরে গিয়ে প্রায় ১২ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। তবুও বেকার ভাতা তহবিলের দেনা মেটাতে গত বছর প্রায় ৬ বিলিয়ন ডলার ব্যবহার করার পরও রাজ্য ১৪ দশমিক ৬ বিলিয়ন ডলার রিজার্ভ ধরে রাখার পরিকল্পনা করছে।

বিজ্ঞান ও প্রযুক্তি থেকে আরো পড়ুন