https://www.prothomalony.com/
16011
new-york
প্রকাশ: ২১ জানুয়ারী ২০২৬ ০৪:২২
ইব্রাহীম চৌধুরী খোকনঃ নিউইয়র্ক সিটিতে গৃহহীন তরুণদের জীবনে নগদ সহায়তা কতটা বাস্তব পরিবর্তন আনতে পারে। চালু হয়েছে নতুন একটি নগদ সহায়তা কর্মসূচি। ব্রঙ্কসে বসবাসরত ২২ বছর বয়সী এক তরুণী জানাচ্ছেন, আশ্রয়কেন্দ্রে যাওয়ার দেড় বছর পর এই প্রথম তিনি নিজের ভাড়াবাড়ির নিরাপত্তা জামানতের জন্য টাকা জমানোর সুযোগ পাচ্ছেন। হারলেমে থাকা ১৯ বছর বয়সী এক লেহম্যান কলেজ শিক্ষার্থীর ভাষায়, কসমেটোলজি লাইসেন্স নেওয়ার স্বপ্নটি এখন আর কেবল কল্পনা নয়—এটি বাস্তবের কাছাকাছি।
নিউইয়র্ক সিটিতে বর্তমানে ৬,৮০০-এর বেশি গৃহহীন তরুণ-তরুণী রয়েছেন, যারা বাবা-মা বা অভিভাবকের তত্ত্বাবধানে নেই। তারা রাস্তায় বা অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন। এই বাস্তবতায় গত ডিসেম্বর থেকে তাদের মধ্য থেকে দৈবচয়ন পদ্ধতিতে নির্বাচিত ৬০ জন তরুণ—যাদের বয়স ১৮ থেকে ২৪—প্রতি মাসে ১,২০০ করে নগদ সহায়তা পাচ্ছেন। কর্মসূচিটির নাম “ক্যাশ ফর কেয়ার (Cash for Care)”, যা পরিচালিত হচ্ছে কোভেন্যান্ট হাউস নিউইয়র্কের অংশীদারিত্বে।
নিউইয়র্ক সিটি কাউন্সিলের অর্থায়নে পরিচালিত ১.৫ মিলিয়ন ডলারের এই উদ্যোগে মাসিক ভাতার পাশাপাশি এককালীন ৫,০০০ ডলারের একটি সহায়তা তহবিলও রাখা হয়েছে। যা অংশগ্রহণকারীরা কর্মসূচির যেকোনো সময় ব্যবহার করতে পারবেন। একই সঙ্গে আর্থিক পরিকল্পনা, বাসস্থান অনুসন্ধান এবং ক্যারিয়ার উন্নয়নসংক্রান্ত সহায়তাও দেওয়া হচ্ছে। কর্মসূচিটি চলবে চলতি বছরের জুন পর্যন্ত।
এই উদ্যোগটি নীতিগত গবেষণা প্রতিষ্ঠান চ্যাপিন হলের সহযোগিতায় চালু করা হয়েছে। লক্ষ্য একটাই—নগদ সহায়তা সরাসরি দিলে তা গৃহহীন তরুণদের স্থায়ী আবাসন ও জীবনের স্থিতিশীলতায় কতটা ভূমিকা রাখতে পারে, তা যাচাই করা। এটি চ্যাপিন হলের আগের “ট্রাস্ট ইয়ুথ ইনিশিয়েটিভ”-এর ধারাবাহিকতা, যা ২০২১ সালে মহামারির সময় চালু হয়েছিল। সে সময় অংশগ্রহণকারীদের ৯০ শতাংশের বেশি জানিয়েছিলেন, মাসিক ভাতা তাদের স্থায়ী বাসস্থান পেতে সহায়তা করেছে।
তবে বর্তমান বাস্তবতা আরও কঠিন। সাম্প্রতিক বছরগুলোতে নিউইয়র্কে ভাড়া বেড়েছে উল্লেখযোগ্য হারে, আর জরুরি ভাড়া সহায়তা কর্মসূচিও অনেকাংশে সীমিত হয়েছে। এই প্রেক্ষাপটে নতুন এই কর্মসূচির ফলাফল আলাদাভাবে মূল্যায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন চ্যাপিন হলের গবেষকরা। অংশগ্রহণকারীদের আবাসন স্থিতিশীলতা ও খাদ্য নিরাপত্তা নিয়ে জরিপ চালানো হবে এবং ফলাফল তুলনা করা হবে এমন আরেকটি তরুণ গোষ্ঠীর সঙ্গে, যারা এই সহায়তা পাচ্ছেন না।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন