https://www.prothomalony.com/
15921
new-york
প্রকাশ: ১২ জানুয়ারী ২০২৬ ০৭:৪৯
নিউইয়র্ক সিটিতে জনসাধারণের টয়লেট সুবিধা বাড়াতে ৪ মিলিয়ন ডলারের নতুন পরিকল্পনা
নিউইয়র্ক সিটির দীর্ঘদিনের একটি জনজীবন-সংক্রান্ত সমস্যার সমাধানে নতুন উদ্যোগ ঘোষণা করেছে নগর কর্তৃপক্ষ। শহরজুড়ে জনসাধারণের জন্য পর্যাপ্ত টয়লেটের অভাব দূর করতেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে। মেয়র জোহরান মামদানি ৪ মিলিয়ন ডলারের একটি পাইলট প্রকল্পের ঘোষণা দিয়েছেন।
জানা গেছে, এই প্রকল্পের আওতায় নিউইয়র্কের পাঁচটি বরোতেই জনসাধারণের জন্য ব্যবহারযোগ্য বাথরুমের সংখ্যা বাড়ানো হবে। এই পরিকল্পনার অংশ হিসেবে একাধিক মডুলার টয়লেট ইউনিট স্থাপন করা হবে এবং অন্তত একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় (অটোমেটেড) পাবলিক টয়লেট বসানো হবে। প্রাথমিক পর্যায়ে হারলেম এলাকাকে অন্যতম স্থান হিসেবে নির্বাচন করা হয়েছে।
শহর কর্তৃপক্ষ জানিয়েছে, ৮০ লক্ষের বেশি মানুষের এই শহরে বর্তমানে আনুমানিক মাত্র ১ হাজার পাবলিক টয়লেট রয়েছে। যা প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল। ফলে বাসিন্দা ও পর্যটকদের প্রায়ই ভোগান্তিতে পড়তে হয়।
অনেক বাসিন্দা জানান, টয়লেট ব্যবহারের জন্য প্রায়ই দোকান বা রেস্তোরাঁ থেকে কিছু কিনতে বাধ্য হতে হয়। নতুন উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছেন এবং এটিকে দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের পদক্ষেপ হিসেবে দেখছেন।
মেয়র মামদানি বলেন, মৌলিক স্যানিটেশন সুবিধা পাওয়া কারও আর্থিক সামর্থ্যের ওপর নির্ভর করা উচিত নয়। এই প্রকল্পের লক্ষ্য হলো সেই বাধাগুলো দূর করা।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, প্রচলিত টয়লেট নির্মাণের তুলনায় নতুন মডুলার ইউনিটগুলোতে বড় ধরনের ভূগর্ভস্থ কাজের প্রয়োজন হবে না। ফলে যেসব এলাকায় পানি ও স্যুয়ার সংযোগ স্থাপন করা কঠিন, সেখানেও সহজে টয়লেট বসানো সম্ভব হবে।
এই উদ্যোগটি সিটি কাউন্সিলের একটি তদন্ত প্রতিবেদনকেও গুরুত্ব দিয়েছে, যেখানে দেখা যায়—অনেক পাবলিক টয়লেট তালিকাভুক্তভাবে খোলা থাকলেও বাস্তবে সেগুলো বন্ধ বা সেখানে দরজার লক, টয়লেট পেপার কিংবা ময়লা ফেলার বিনের মতো মৌলিক সুবিধার অভাব রয়েছে।
পাইলট প্রকল্পের আওতায় ২০ থেকে ৩০টি মডুলার টয়লেট ইউনিট স্থাপনের পরিকল্পনা রয়েছে। মেয়রের দায়িত্ব গ্রহণের প্রথম ১০০ দিনের মধ্যেই এ বিষয়ে প্রস্তাব আহ্বান প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
হারলেমে স্থাপিত স্বয়ংক্রিয় পাবলিক টয়লেটটি চলতি বছরের শেষ নাগাদ চালু হবে বলে আশা করছে নগর প্রশাসন।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন