https://www.prothomalony.com/

15893

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কে ২ বছর বয়সী শিশুদের জন্য ফ্রি চাইল্ড কেয়ার

মামদানি-হকুলের ‘২-কেয়ার’ প্রোগ্রাম

প্রকাশ: ১০ জানুয়ারী ২০২৬ ০৯:৩৫

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি ও রাজ্য গভর্নর ক্যাথি হকুল সম্প্রতি এক যৌথ উদ্যোগের মাধ্যমে ‘২-কেয়ার’ প্রোগ্রামের ঘোষণা করেছেন। এর মাধ্যমে শহরের দুই বছরের শিশুদের জন্য ফ্রি চাইল্ড কেয়ার প্রদান করা হবে। প্রোগ্রামটি প্রথমে শহরের উচ্চ চাহিদার এলাকায় চালু হবে এবং আগামী চার বছরের মধ্যে পুরো শহরে সম্প্রসারণ করা হবে। গত বৃহস্পতিবার এই ঘোষণা দেন তারা।

জানা গেছে, এই উদ্যোগের মাধ্যমে শহরের পরিবারগুলোকে প্রাথমিকভাবে শিশুর যত্নে অর্থনৈতিক বোঝা কমানো এবং শিশুদের শিক্ষা ও বিকাশের সুযোগ সম্প্রসারণ করা হবে। রাজ্য ও সিটি প্রশাসন প্রথম দুই বছরে পুরো প্রোগ্রামের তহবিল সরবরাহ করবে। প্রোগ্রামের মূল বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে দুই বছরের শিশুদের জন্য শহরে ফ্রি চাইল্ড কেয়ার চালু করা। এছাড়াও, বিদ্যমান থ্রি-কে প্রোগ্রামকে শক্তিশালী করা হবে যাতে সর্বজনীন প্রবেশাধিকার নিশ্চিত করা যায়।

রাজ্যব্যাপী প্রি-কে প্রোগ্রামও সম্প্রসারিত হবে, যার লক্ষ্য ২০২৮-২৯ শিক্ষাবর্ষের মধ্যে সকল চার বছরের শিশুকে প্রি-কে শিক্ষা প্রদান করা। নতুন কমিউনিটি ভিত্তিক শিশু যত্ন প্রোগ্রাম চালু করা হবে এবং চাইল্ড কেয়ার ভর্তিতে অর্থ সহায়তা বিস্তার ও আয় সীমা বাড়ানো হবে, যাতে অধিকাংশ পরিবারের জন্য খরচ সপ্তাহে সর্বোচ্চ $১৫ এর মধ্যে সীমাবদ্ধ থাকে।

মেয়র মামদানি বলেন, আমরা সকল পরিবারের জন্য সর্বজনীন চাইল্ড কেয়ার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বাসস্থানের পরে চাইল্ড কেয়ার হলো সবচেয়ে ব্যয়বহুল খাত, যা অনেক নিউইয়র্কবাসীকে শহর থেকে দূরে ঠেলে দিচ্ছে।

তিনি আরও বলেন, রাষ্ট্র ও শহরের অংশীদারিত্বে এই উদ্যোগ কর্মরত পরিবারের জীবনযাত্রাকে নতুনভাবে গঠন করবে। চাইল্ড কেয়ার, শিশু বিকাশ এবং পরিবারকে সমর্থন দেওয়ার ক্ষেত্রে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ।

এদিকে হকুলের পরিকল্পনার আওতায় সারা রাজ্যে প্রায় ১ লাখ শিশুকে নতুনভাবে ফ্রি বা সাশ্রয়ী মূল্যের চাইল্ড কেয়ার সুবিধা দেওয়া হবে। এছাড়া, প্রি-কে প্রোগ্রামের বিস্তার, কমিউনিটি ভিত্তিক নতুন শিশু যত্ন কেন্দ্র, চাইল্ড কেয়ার ভর্তির জন্য অর্থ সহায়তার সম্প্রসারণ এবং আয়যোগ্যতার সীমা বাড়ানোর মতো পদক্ষেপ নেওয়া হবে। ৪ জনের একটি পরিবারের জন্য আয় সীমা বাড়িয়ে ১ লাখ ১৪ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে।

গভর্নর হকুল বলেন, নিউইয়র্কের প্রতিটি পরিবার একমত যে চাইল্ড কেয়ারের খরচ অত্যন্ত বেশি। আমরা আশা করি, এই পদক্ষেপ শহরের শিশুদের জন্য মানসম্মত সেবা নিশ্চিত করবে এবং পরিবারের উপর আর্থিক চাপ কমাবে।

প্রসঙ্গত, চলতি বছর নতুন উদ্ভাবনী পাইলট প্রোগ্রাম চালু করা হবে। যা নিউইয়র্ক শহরের বাইরে অন্যান্য কাউন্টিতে পরিবার-ভিত্তিক পূর্ণ-দিনের চাইল্ড কেয়ার সম্প্রসারণ করবে। এছাড়া নতুন চাইল্ড কেয়ার ও প্রাথমিক শিক্ষা অফিস গঠন করা হবে, যা সর্বজনীন চাইল্ড কেয়ার বাস্তবায়নে তদারকি ও সহায়তা প্রদান করবে।

রাজ্য প্রশাসন শিশু ও নির্ভরশীল যত্ন করের সুবিধা সম্প্রসারণ এবং প্রাথমিক শিক্ষকদের জন্য কর্মশক্তি বৃদ্ধি এবং বৃত্তি প্রদানেও পদক্ষেপ নিচ্ছে। এতে প্রায় ২.৩ লাখ করদাতাকে গড়ে $৫৭৫ অতিরিক্ত সুবিধা প্রদান করা হবে।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন