https://www.prothomalony.com/

15797

new-york

নিউইয়র্ক

বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধের দাবি প্যাট্রিয়টস অব বাংলাদেশের

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫ ০৫:৫৮


বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধের দাবি জানিয়েছে নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন প্যাট্রিয়টস অব বাংলাদেশ (পিওবি)।  

সোমবার (২৯ ডিসেম্বর) এ দাবিতে নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটে একটি স্মারকলিপি প্রদান করে সংগঠনটি।

পিওবির চেয়ারম্যান আবদুল কাদের স্মারকলিপিটি বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হকের কাছে হস্তান্তর করেন। এ সময় সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট চৌধুরী মোহাম্মদ কাজলসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে বলা হয়, দীর্ঘদিন ধরে ভারতীয় টিভি চ্যানেলগুলো বাংলাদেশে একতরফাভাবে সম্প্রচারিত হচ্ছে। এসব চ্যানেল বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য আর্থিক মুনাফা অর্জন করলেও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ ও বাংলাদেশিদের নিয়ে নিয়মিত বিরূপ মন্তব্য ও কটূক্তি করছে। অনেক অনুষ্ঠান বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক বলেও অভিযোগ করা হয়। অন্যদিকে, ভারতে এমনকি কলকাতাতেও বাংলাদেশি টিভি চ্যানেল সম্প্রচারের সুযোগ নেই বলে উল্লেখ করা হয়।

আবদুল কাদের বলেন, বর্তমানে ভারতীয় ইউটিউবাররাও বাংলাদেশবিরোধী প্রচারণায় জড়িত। তারা দেশের প্রধান উপদেষ্টা ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে অবমাননাকর বক্তব্য দিচ্ছে। এসব রাজনৈতিক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান তরুণ সমাজকে বিভ্রান্ত করছে এবং অপসংস্কৃতির প্রসার ঘটাচ্ছে। 

তার দাবি, দেশে সাম্প্রতিক সহিংসতা, সন্ত্রাস ও অস্থিরতার পেছনেও এই অপসংস্কৃতির প্রভাব রয়েছে।

সাংবাদিক চৌধুরী মোহাম্মদ কাজল বলেন, ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা ও উপাসনালয় ভাঙচুরের মতো ঘটনা বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এসব অপসংস্কৃতি ভারতীয় টিভি ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ছড়িয়ে পড়ছে। 

তিনি বলেন, ভারতীয় টিভি ও ইউটিউব চ্যানেলগুলোর ওপর নিয়ন্ত্রণ আরোপ করা না গেলে বাংলাদেশে সহিংসতা ও সামাজিক অবক্ষয় আরও বাড়তে পারে।

এ সময় পিওবির সদস্য দীপন গাজী, সৈয়দ নাঈম, আলী আহমেদ কাশেমী, মশিউর রহমান লিটন, বুলবুল আহমেদ, রুহুল খান এবং আলোকচিত্রী নিহার সিদ্দিক বক্তব্য দেন।

কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক সংগঠনের বক্তব্য শোনেন এবং স্মারকলিপিটি যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।



 

নিউইয়র্ক থেকে আরো পড়ুন