https://www.prothomalony.com/

15732

new-york

নিউইয়র্ক

পাবলিক চার্জ প্রস্তাবের বিরুদ্ধে নিউইয়র্ক সিটির একযোগে প্রতিবাদ

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫ ০৩:১১


গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে যুক্তরাষ্ট্রের নতুন ফেডারেল ‘পাবলিক চার্জ’ প্রস্তাবের বিরুদ্ধে তীব্র আপত্তি জানিয়েছে নিউইয়র্ক সিটির একাধিক গুরুত্বপূর্ণ সংস্থা। সিটি হেলথ ডিপার্টমেন্ট, মেয়রের অভিবাসন বিষয়ক দপ্তর (এমওআইএ), এনওয়াইসি হেলথ + হসপিটালস এবং ডিপার্টমেন্ট অব সোশ্যাল সার্ভিসেস এক যৌথ বিবৃতিতে জানায়, এই প্রস্তাব অভিবাসী নিউইয়র্কারদের স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা ও আবাসন ব্যবস্থাকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।

সংস্থাগুলোর মতে, প্রস্তাবটি মেডিকেইড, স্ন্যাপ ও সরকারি আবাসন সহায়তার মতো জরুরি সামাজিক সেবা ব্যবহারের জন্য অভিবাসীদের শাস্তির মুখে ফেলতে পারে। এতে অনেক অভিবাসী ভয়ের কারণে বৈধ ও প্রয়োজনীয় সুবিধা গ্রহণ থেকে বিরত থাকতে পারেন, যার সরাসরি প্রভাব পড়বে জনস্বাস্থ্য ও নগর অর্থনীতির ওপর। কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, এর ফলে বৈধভাবে গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়া আরও জটিল ও অনিশ্চিত হয়ে উঠতে পারে।

নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ জোর দিয়ে জানিয়েছে, প্রস্তাবটি এখনো কার্যকর হয়নি এবং বর্তমানে সিটি ও অঙ্গরাজ্য পর্যায়ে সেবা গ্রহণের নিয়মে কোনো পরিবর্তন আসেনি। তারা অভিবাসীদের বিভ্রান্ত না হয়ে প্রাপ্য স্বাস্থ্যসেবা, খাদ্য সহায়তা ও আবাসন সুবিধা গ্রহণ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে এই প্রস্তাবকে অভিবাসীবিরোধী বৃহত্তর নীতির অংশ হিসেবে উল্লেখ করে এর বিরুদ্ধে আইনি ও নীতিগতভাবে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সিটি প্রশাসন।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন