https://www.prothomalony.com/

15704

new-york

নিউইয়র্ক

নিউইয়র্ক স্টেট ডিস্ট্রিক্ট ৩৬-এ মেরী জোবাইদাকে বিজয়ী করার আহ্বান শতাধিক কমিউনিটি নেতৃবৃন্দের

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫ ০৬:৫৭

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট ৩৬-এর অ্যাসেম্বলী মেম্বার পদপ্রার্থী মেরী জোবাইদাকে বিজয়ী করার আহ্বান জানিয়ে একযোগে সমর্থন ঘোষণা করেছেন নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর শতাধিক বিশিষ্ট নেতা ও সমাজকর্মী। এক যৌথ লিখিত বিবৃতিতে তারা এই সমর্থনের কথা জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নিউইয়র্ক সিটির এই গুরুত্বপূর্ণ আসনের জন্য যে সৎ, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব প্রয়োজন, মেরী জোবাইদা তার প্রকৃষ্ট উদাহরণ। সততা ও সেবার ভিত্তিতে গড়ে ওঠা তাঁর নেতৃত্ব কর্মজীবী পরিবার, ক্ষুদ্র ব্যবসায়ী, অভিবাসী, প্রবীণ ও তরুণ সমাজের বাস্তব চ্যালেঞ্জের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। নেতৃত্ব প্রদানের আগে তিনি সবসময় কমিউনিটির সঙ্গে মতবিনিময় করেছেন এবং নীতির সঙ্গে আপস না করে ঐকমত্য গড়ে তুলেছেন, যা তাঁকে অন্যদের থেকে আলাদা করে।

নেতৃবৃন্দ আরও বলেন, সমতা, জননিরাপত্তা, মানসম্মত শিক্ষা, সাশ্রয়ী আবাসন এবং অর্থনৈতিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে মেরী জোবাইদার অঙ্গীকার তাঁর কাজের মাধ্যমেই স্পষ্ট হয়েছে। ডিস্ট্রিক্ট ৩৬ এমন একজন প্রতিনিধিকে প্রত্যাশা করে, যিনি এলাকার বর্ণ ও সংস্কৃতিগত বৈচিত্র্যের প্রতিফলন ঘটাবেন। এস্টোরিয়া ও লং আইল্যান্ড সিটির ঐতিহ্যকে ধারণ করেই আলবেনীতে এই এলাকার ভবিষ্যৎ রক্ষায় নিরবচ্ছিন্নভাবে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।

বিবৃতিতে বলা হয়, এস্টোরিয়া ও লং আইল্যান্ড সিটির জন্য মেরী জোবাইদা হবেন একজন কার্যকর ও বলিষ্ঠ কণ্ঠস্বর এবং নিউইয়র্কবাসীর জন্য একজন নীতিবান প্রবক্তা। তারা দৃঢ় বিশ্বাস প্রকাশ করে বলেন, দায়িত্ব পেলে তিনি সম্মান, দক্ষতা ও জবাবদিহিতার সঙ্গে তা পালন করবেন।

নেতৃবৃন্দ এস্টোরিয়া ও লং আইল্যান্ড সিটিসহ নিউইয়র্কের সকল ভোটারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নিউইয়র্ক সিটির এই গুরুত্বপূর্ণ আসনে সদ্য মেয়র নির্বাচিত জোহরান মামদানীর যোগ্য উত্তরসূরি হিসেবে একজন সাউথ এশিয়ান প্রতিনিধিকে নির্বাচিত করার সময় এসেছে। দল-মত, ধর্ম, বর্ণ ও লিঙ্গ নির্বিশেষে মেরী জোবাইদাকে বিজয়ী করতে বাংলাদেশি-আমেরিকানসহ সকল কমিউনিটির নাগরিকদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান তারা।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন