https://www.prothomalony.com/

15677

new-york

নিউইয়র্ক

নিউইয়র্ক গভর্নর পদে প্রার্থীতা প্রত্যাহার, কংগ্রেসও ছাড়ছেন এলিস স্টেফানিক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫ ০৯:৪৯

নিউইয়র্ক থেকে নির্বাচিত রিপাবলিকান কংগ্রেস সদস্য এলিস স্টেফানিক ঘোষণা দিয়েছেন, তিনি নিউইয়র্কের গভর্নর পদে লড়াই থেকে সরে দাঁড়াচ্ছেন এবং একই সঙ্গে কংগ্রেসে পুনর্নির্বাচনের চেষ্টা করবেন না।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে স্টেফানিক বলেন, বড়দিনের সময় পরিবারকে গুরুত্ব দিতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি লেখেন, গভর্নর পদে তাঁর প্রচারণা স্থগিত করা হচ্ছে এবং কংগ্রেসে আর প্রার্থী হচ্ছেন না। এই সিদ্ধান্ত সহজ ছিল না বলেও উল্লেখ করেন তিনি।

স্টেফানিক জানান, অতীতের নির্বাচনী অভিজ্ঞতা থেকে স্পষ্ট—এই প্রাইমারিতে জয় সম্ভব হলেও নিউইয়র্কের মতো কঠিন রাজ্যে দীর্ঘ ও অপ্রয়োজনীয় রিপাবলিকান প্রাইমারিতে সময় ও অর্থ ব্যয় করা কার্যকর হবে না।

তাঁর এই ঘোষণা আসে ঠিক তখনই, যখন নাসাউ কাউন্টির নির্বাহী ব্রুস ব্ল্যাকম্যান—যিনি  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত—গভর্নর পদে রিপাবলিকান প্রাইমারিতে প্রার্থী হচ্ছেন। এতদিন স্টেফানিককেই রিপাবলিকানদের সম্ভাব্য অগ্রগামী প্রার্থী হিসেবে ধরা হচ্ছিল।

স্টেফানিক স্পষ্ট করেছেন, তিনি নিউইয়র্কের ২১তম কংগ্রেশনাল জেলা থেকেও আর প্রার্থী হবেন না। এতে ব্ল্যাকম্যানের জন্য রিপাবলিকান মনোনয়নের পথ অনেকটাই সহজ হলো বলে মনে করা হচ্ছে। রিপাবলিকানদের লক্ষ্য আগামী নির্বাচনে ডেমোক্র্যাট গভর্নর ক্যাথি হকুলকে পরাজিত করা।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট, যিনি একসময় স্টেফানিকের সঙ্গে কাজ করেছিলেন, এক বিবৃতিতে তাঁর প্রশংসা করেন। তিনি বলেন, স্টেফানিক আপস্টেট নিউইয়র্কের মানুষের জন্য একজন শক্তিশালী কণ্ঠস্বর ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন।

অন্যদিকে, হকুলের প্রচারণা শিবির থেকে বলা হয়েছে, বাস্তবতা বুঝেই স্টেফানিক এই সিদ্ধান্ত নিয়েছেন। প্রচারণা মুখপাত্র রায়ান রাডুলোভাকি বলেন, গভর্নর ক্যাথি হকুলের বিরুদ্ধে লড়লে হার নিশ্চিত—স্টেফানিক তা বুঝতে পেরেছেন।

স্টেফানিক রিপাবলিকান দলে দীর্ঘদিন ধরেই একজন উদীয়মান নেতা হিসেবে পরিচিত। তিনি একসময় হাউস রিপাবলিকান কনফারেন্সের চেয়ার ছিলেন। বিশ্ববিদ্যালয়গুলোর প্রেসিডেন্টদের বিরুদ্ধে ইহুদি বিদ্বেষ প্রসঙ্গে তাঁর কড়া প্রশ্ন সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচিত হয়েছিল।

ডোনাল্ড ট্রাম্প একসময় তাঁকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দিলেও পরে কংগ্রেসে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার স্বার্থে সেই মনোনয়ন প্রত্যাহার করা হয়।

স্টেফানিক গত মাসে আনুষ্ঠানিকভাবে গভর্নর হকুলের বিরুদ্ধে প্রার্থীতা ঘোষণা করেন। চলতি মাসের শুরুতে ব্রুস ব্ল্যাকম্যান প্রতিদ্বন্দ্বিতায় নামেন। ট্রাম্প তখন কারও পক্ষে সরাসরি সমর্থন জানাননি।

এই সপ্তাহে প্রকাশিত সিয়েনা কলেজের এক জরিপে দেখা যায়, সম্ভাব্য সরাসরি লড়াইয়ে হকুল স্টেফানিকের চেয়ে ১৯ পয়েন্টে এগিয়ে আছেন । ব্ল্যাকম্যানের বিরুদ্ধেও হকুলের ব্যবধান ছিল ২৫ পয়েন্ট।

স্টেফানিক সরে দাঁড়ানোর পর রিপাবলিকানরা দ্রুতই ব্ল্যাকম্যানের পক্ষে একত্রিত হতে শুরু করেছেন। নিউইয়র্ক রাজ্য রিপাবলিকান পার্টির চেয়ার এড কক্স বলেন, স্টেফানিক দলের গুরুত্বপূর্ণ নেতা হিসেবেই থাকবেন। একই সঙ্গে তিনি ব্ল্যাকম্যানকে সমর্থন জানান।

হকুলের প্রচারণা শিবির জানিয়েছে, যে-ই তাঁর বিরুদ্ধে দাঁড়াক, তিনি প্রস্তুত। তাঁদের ভাষায়, “যাকেই ট্রাম্প বেছে নিন, সামনে আসুন—মাঠ খোলা।”

নিউইয়র্ক থেকে আরো পড়ুন