https://www.prothomalony.com/

15654

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কে সরকারি স্কুলে শিক্ষার্থী কমছে, বিকল্প শিক্ষায় ঝুঁকছেন পরিবারগুলো

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫ ০২:১২

নিউইয়র্ক অঙ্গরাজ্যজুড়ে গত এক দশকে সরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তির সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। কর্নেল বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, গত ১০ বছরে সারা রাজ্যে সরকারি স্কুল ব্যবস্থা ছেড়ে গেছে ২ লাখ ৫০ হাজারেরও বেশি শিক্ষার্থী।

গবেষকরা বলছেন, এই প্রবণতার পেছনে একাধিক কারণ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—জনসংখ্যাগত পরিবর্তন, দেরিতে ও কম সন্তান নেওয়ার প্রবণতা এবং কোভিড-১৯ মহামারির পর শেখার ধরণে পরিবর্তন। এসব কারণে নিউইয়র্কের প্রায় ৮৮ শতাংশ স্কুল জেলায় শিক্ষার্থী সংখ্যা কমেছে।

তবে শিক্ষার্থী কমার কারণ শুধু স্কুল-বয়সী শিশুর সংখ্যা হ্রাস নয়। দিন দিন আরও বেশি পরিবার চার্টার স্কুল ও হোমস্কুলিংসহ বিকল্প শিক্ষাব্যবস্থার দিকে ঝুঁকছে।

হোমস্কুলিং করা অভিভাবক কুইনিয়া আশিমা-আট জানান, তিনি তার সন্তানদের জন্য একটি নমনীয় ও হাইব্রিড শিক্ষাপদ্ধতি বেছে নিয়েছেন। যেখানে বাসায় পড়াশোনার পাশাপাশি সপ্তাহে একদিন সমবায়ী শিক্ষাক্রমে অংশগ্রহণ করা হয়। তিনি জানান, প্রায় ১৬ বছর আগে তার বড় সন্তানের মাধ্যমে হোমস্কুলিং শুরু করেন এবং এরপর থেকে এই ধারাবাহিকতা বজায় রেখেছেন।

তার মতে, হোমস্কুলিংয়ে কিছু চ্যালেঞ্জ থাকলেও অনেক অভিভাবক তাদের সন্তানের আচরণ, শেখার আগ্রহ ও একাডেমিক মনোযোগে ইতিবাচক পরিবর্তন দেখে উৎসাহিত হচ্ছেন। কোভিড-১৯ মহামারি পরিবারগুলোকে বুঝতে সাহায্য করেছে—কোন শিক্ষাপরিবেশ তাদের সন্তানের জন্য সবচেয়ে উপযোগী।

কর্নেল বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম অন অ্যাপ্লায়েড ডেমোগ্রাফিক্স-এর তথ্য অনুযায়ী, গত এক দশকে নিউইয়র্কে সরকারি স্কুলে শিক্ষার্থী সংখ্যা প্রায় ৩১ লাখ থেকে কমে ২৮ লাখে নেমে এসেছে। একই সময়ে চার্টার স্কুল ও হোমস্কুলিংয়ে শিক্ষার্থীর সংখ্যা দ্বিগুণ হয়েছে। বর্তমানে মোট শিক্ষার্থীর প্রায় ৬ দশমিক ৫ শতাংশ চার্টার স্কুলে এবং প্রায় ১ দশমিক ৮ শতাংশ হোমস্কুলিং ব্যবস্থায় পড়াশোনা করছে।

গবেষকরা এই পরিবর্তনকে সরকারি শিক্ষাব্যবস্থার ব্যর্থতা হিসেবে নয়, বরং একটি সামাজিক ও সাংস্কৃতিক রূপান্তর হিসেবে দেখছেন। শিক্ষার বিকল্প সুযোগ বাড়ায় পরিবারগুলো এখন তাদের মূল্যবোধ ও সন্তানের চাহিদা অনুযায়ী শিক্ষাপদ্ধতি বেছে নিচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে স্কুল জেলাগুলোকে সম্পদ বণ্টন, পুরোনো অবকাঠামো ব্যবস্থাপনা এবং নতুন কর্মসূচি সম্প্রসারণ নিয়ে নতুন করে ভাবতে হতে পারে।

হোমস্কুলিংয়ের অভিজ্ঞতা তুলে ধরে আশিমা-আট বলেন, যথাযথ প্রতিশ্রুতি ও দৃঢ়তা থাকলে অভিভাবকরাই সফলভাবে সন্তানের শিক্ষার দায়িত্ব নিতে পারেন। যদি তারা সঠিক শিক্ষাপদ্ধতি খুঁজে পান।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন