https://www.prothomalony.com/

15627

new-york

নিউইয়র্ক

ঊনবাঙালের বর্ণাঢ্য বিজয় দিবস উদযাপন

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫ ১১:২২

নিউইয়র্কে সাহিত্য ও সংস্কৃতিচর্চাকারী সংগঠন ঊনবাঙালের উদ্যোগে “বিজয় দিবস ২০২৫” শীর্ষক বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন হয়েছে। গত ১৩ ডিসেম্বর (শনিবার) কুইন্স পাবলিক লাইব্রেরির ফ্লাশিং অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বর্ষীয়ান সঙ্গীত ব্যক্তিত্ব মুত্তালিব বিশ্বাস। বাংলাদেশের বিশিষ্ট চিন্তক ও কবি ফরহাদ মজহার ভিডিও বার্তায় বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে প্রবাসে ঊনবাঙালের সাংস্কৃতিক আন্দোলনের প্রশংসা করেন।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন কবি কাজী জহিরুল ইসলাম। এরপর কাজী জহিরুল ইসলামের গ্রন্থনা ও সৈয়দ মাসুদুল ইসলাম টুটুলের নির্দেশনায় পরিবেশিত হয় এক ঘণ্টাব্যাপী গীতি-কাব্যালেখ্য ‘বিজয় একটি খোলা জানালা’। গান, কবিতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটভিত্তিক বর্ণনায় সাজানো এই পরিবেশনা দর্শকদের গভীরভাবে আবেগাপ্লুত করে।

শেষ গানে ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ পরিবেশনের সময় মুক্তিযুদ্ধের প্রথম প্রজন্মের প্রতিনিধি প্রকৌশলী সৈয়দ ফজলুর রহমান একটি বিশাল জাতীয় পতাকা নতুন প্রজন্মের শিশু আরহামের হাতে তুলে দেন। আরহাম পতাকা ওড়াতে থাকলে পুরো মিলনায়তন করতালিতে মুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রবাসে জন্ম ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিল্পীরা বাংলা গান পরিবেশন করেন। পাশাপাশি স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তি পর্বে অংশ নেন প্রবাসী কবি ও শিল্পীরা। সবশেষে ঊনবাঙালের শিল্পীদের একক ও দ্বৈত সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

সমাপনী বক্তব্যে ঊনবাঙালের উপদেষ্টা ও বইমেলা উদযাপন কমিটির আহ্বায়ক ফখরুল আলম সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন