https://www.prothomalony.com/

15582

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কে কিশোর উইন রোজারিও হত্যায় অভিযোগ না গঠনে পরিবারের ক্ষোভ

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫ ০৩:৫৩

নিউইয়র্ক স্টেটে অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস ১৯ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত উইন রোজারিও হত্যাকাণ্ডে অভিযুক্ত না করায় গভীর ক্ষোভ প্রকাশ করেছে তার পরিবার। তারা নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশের কাছে এনওয়াইপিডি সদস্য সালভাতোর অ্যালঙ্গি এবং ম্যাথিউ সিয়ানফ্রোকোকে বরখাস্ত করার আহ্বান জানিয়েছে।

এক বিবৃতিতে উইনের মা-বাবা ও ভাই অভিযোগ করেন, অ্যালঙ্গি ও সিয়ানফ্রোকো তাদের বাড়িতে প্রবেশের দুই মিনিটেরও কম সময়ের মধ্যে অশালীন ভাষা ব্যবহার করে পরিস্থিতি উত্তেজিত করেন এবং পরিবারের অনুরোধ উপেক্ষা করে উইনকে গুলি করেন। তাদের দাবি, পুলিশ সদস্যদের মানসিক স্বাস্থ্য সংকটে থাকা ব্যক্তির সঙ্গে যোগাযোগের সক্ষমতা নেই।

পরিবার অভিযোগ করে, দেড় বছর ধরে তদন্ত নিয়ে যোগাযোগ না করা এবং শেষপর্যন্ত অভিযোগ না আনা অ্যাটর্নি জেনারেলের সিদ্ধান্ত ছিল পক্ষপাতদুষ্ট এবং ন্যায়বিচার ব্যর্থতার উদাহরণ।

তারা বলেন, সিভিলিয়ান কমপ্লেইন রিভিউ বোর্ড (সিসিআরবি) সিয়ানফ্রোকো এবং অ্যালঙ্গিকে অন্যায়ভাবে উইনকে টেসিং এবং গুলি করার জন্য অভিযুক্ত করেছে। তারা ন্যায়  বিচারের একটি সময়সূচী নির্ধারণ করছে তখন এজি জেমস কেন কিছুই করছেন না।

বিবৃতিতে তারা আরও বলেন, আমরা প্রতিদিন উইনকে মিস করি। সে মাত্র ১৯ বছর বয়সী ছেলে ছিল। তার সামনে পুরো জীবন পড়ে ছিল। তাকে ছাড়া প্রতিদিনই অসহনীয় এবং এখন আমাদের এই সত্য নিয়ে বেঁচে থাকতে হবে যে তাকে হত্যাকারী পুলিশদের অপরাধের কোন পরিণতি ভোগ করতে হবে না। আমাদের মধ্যে কেউ যদি অফিসার সিয়ানফ্রোকো এবং অ্যালঙ্গি যা করেছে তা করত, তাহলে আমাদের বরখাস্ত করে জেলে পাঠানো হত।

যদিও এজি জেমস আমাদের ছেলের পক্ষে লড়াই করতে ইচ্ছুক নন, উইনের জন্য লড়াই থামাবেন না। আমরা ন্যায়  বিচারের সময়সূচী নির্ধারণের জন্য সিসিআরবি’র প্রতি আহ্বান জানাই। আমরা পুলিশ কমিশনার জেসিকা টিশকে অফিসার সিয়ানফ্রোকোকে বরখাস্ত করার জন্য এবং মেয়র ইলেক্ট মামদানিকে মানসিক স্বাস্থ্য প্রতিক্রিয়া থেকে এনওয়াইপিডিকে অপসারণ করার জন্য আহ্বান জানাই। যদিও এটি উইনকে ফিরিয়ে আনবে না কিন্তু নিউ ইয়র্কবাসীদের জন্য  ভালো কিছু হবে।

জাস্টিস কমিটি এবং ড্রাম পরিবারটির পাশে থাকার ঘোষণা দিয়েছেন। তারা বলেন, বডি ক্যামেরার ফুটেজে অতিরিক্ত বলপ্রয়োগ স্পষ্ট দেখা যায় এবং এই ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করেছেন। সংগঠনগুলো সিসিআরবিকে দ্রুত শুনানির সময়সূচী নির্ধারণ এবং পুলিশ কমিশনারকে বিলম্ব না করে দুই কর্মকর্তাকে বরখাস্ত করার আহ্বান জানিয়েছে।

প্রসঙ্গত,  ২০২৪ সালের ২৭ মার্চ নিউইয়র্কের ওজোন পার্কে নিজের অ্যাপার্টমেন্টে পরিবারের সামনে উইন রোজারিও নিহত হন। গুলির পরপরই রোজারিও পরিবারের সদস্যদের প্রিসিঙ্কটে জিজ্ঞাসাবাদ করা হলেও হাসপাতালে যেতে দেওয়া হয়নি এবং দীর্ঘ সময় ধরে তাদের বাসায় প্রবেশে বাধা দেওয়া হয় বলে অভিযোগ করে পরিবার।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন