https://www.prothomalony.com/
15216
new-york
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫ ০৭:৩২
যুক্তরাষ্ট্রে চলমান ফেডারেল সরকার অচলাবস্থার কারণে নভেম্বর মাসে নিউইয়র্কের প্রায় ৩০ লাখ মানুষ খাদ্য সহায়তা (স্ন্যাপ) থেকে বঞ্চিত হতে পারেন। এ পরিস্থিতি মোকাবিলায় গভর্নর ক্যাথি হোকুল রাজ্যের পক্ষ থেকে ৩০ মিলিয়ন ডলার জরুরি সহায়তা তহবিল ঘোষণা করেছেন।
গভর্নর হোকুল বলেন, থ্যাঙ্কসগিভিং মাসে যেন কোনো নিউইয়র্কবাসী না খেয়ে থাকে, সে জন্য আমরা রাজ্যজুড়ে খাদ্যভান্ডার সচল রাখছি। নতুন বরাদ্দের মাধ্যমে প্রায় ১ কোটি ৬০ লাখ খাবার বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা রাজ্যের মোট জরুরি খাদ্য সহায়তা তহবিলকে ৪১ মিলিয়ন ডলারে উন্নীত করেছে।
মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ) নিশ্চিত করেছে, চলমান সরকারি শাটডাউনের ফলে ১ নভেম্বর থেকে সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম (এসএনএপি) ভাতা বিতরণ স্থগিত থাকবে। যুক্তরাষ্ট্রজুড়ে এই কর্মসূচির ওপর নির্ভরশীল প্রায় ৪ কোটি ২০ লাখ মানুষ এখন অনিশ্চয়তায় রয়েছেন।
ওয়াশিংটনে বাজেট নিয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের বিরোধই এই অচলাবস্থার মূল কারণ। ডেমোক্র্যাটরা অভিযোগ করেছেন, রিপাবলিকানদের প্রস্তাবিত অন্তর্বর্তী বাজেটে স্বাস্থ্যসেবা খাতে কাটছাঁট এবং ট্রাম্প প্রশাসনের “বিগ বিউটিফুল বিল”–এর অধীনে মেডিকেড কমানো হয়েছে। যা নিম্নআয়ের জনগোষ্ঠীর জন্য ক্ষতিকর।
নিউইয়র্কের টেম্পোরারি অ্যান্ড ডিজঅ্যাবিলিটি অ্যাসিস্ট্যান্স দফতর জানিয়েছে, অক্টোবর মাসের ভাতা স্বাভাবিকভাবে বিতরণ হলেও নভেম্বরের অর্থপ্রদান বিলম্বিত হতে পারে।
রাজ্য সরকার ইতিমধ্যে স্কুল মিল প্রোগ্রাম সম্প্রসারণ ও অতিরিক্ত খাবার বাড়িতে নেওয়ার সুযোগ দেওয়ার পরিকল্পনাও করছে। হোকুল জানান, আমরা এমন উপায় খুঁজছি যাতে প্রতিটি পরিবারের খাবারের টেবিল পর্যন্ত সহায়তা পৌঁছায়।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন