https://www.prothomalony.com/

15166

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কে ‘আইসের গ্রেপ্তার বাড়বে’: টড লায়ন্স

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫ ০৭:৩৬

নিউইয়র্কে অভিবাসনবিরোধী অভিযানে বিক্ষোভকারীদের মুখোমুখি হওয়ার পর যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) পরিচালক টড লায়ন্স ঘোষণা দিয়েছেন, শহরে গ্রেপ্তার অভিযান আরও বাড়বে।

লায়ন্স বুধবার দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, নিউইয়র্কে অনেক অপরাধী ও অবৈধ অভিবাসী মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে। তাই সেখানে আইসিই গ্রেপ্তার বাড়বে। এটি সম্পূর্ণ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযান—এটা এলোমেলো নয়,

তিনি আরও বলেন, আমরা রাস্তায় যেকোনো মানুষকে আটক করছি না। ক্যানাল স্ট্রিটে যে অভিযান হয়েছে, তা নির্দিষ্ট অপরাধমূলক গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করেই।

মঙ্গলবার (২১ অক্টোবর) ক্যানাল স্ট্রিট এলাকায় নকল পণ্য বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট অপরাধমূলক কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে অভিযান চালায় আইস এজেন্টরা।


ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) জানায়, এটি ছিল গোয়েন্দা-নির্ভর টার্গেটেড এনফোর্সমেন্ট অপারেশন।

অভিযানের সময় বিক্ষোভকারীরা আইসের এজেন্টদের মুখোমুখি হয়। তারা মুখে মাস্ক পরে স্লোগান দেয়—‘আইস আউট অব নিউইয়র্ক’ ও ‘ফ্যাসিস্টস’!

বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তির সময় কয়েকজনকে মাটিতে ফেলে জিপ টাই দিয়ে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ভিডিও ফুটেজে দেখা যায়, একজন বিক্ষোভকারীকে মুখ নিচে করে মাটিতে ফেলে গ্রেপ্তার করা হয়।


নিউইয়র্কের কংগ্রেসম্যান ড্যানিয়েল গোল্ডম্যান (ডেমোক্র্যাট) এক সংবাদ সম্মেলনে বলেন, আইস কোনো মার্কিন নাগরিককে গ্রেপ্তার করার অধিকার রাখে না।

তিনি জানান, ঘটনাস্থল থেকে চারজন মার্কিন নাগরিককে গ্রেপ্তার করে ২৬ ফেডারেল প্লাজায় প্রায় ২৪ ঘণ্টা আটক রাখা হয়েছিল। তবে সংবাদ সম্মেলনের আধঘণ্টা পরই তাদের মুক্তি দেওয়া হয়।

ডিএইচএস পরে জানায়, চারজন সহিংস বিক্ষোভকারী আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন এবং আরও একজনকে বাধা দেওয়ার অপরাধে আটক করা হয়েছে।

ডিএইচএস মুখপাত্র ট্রিশা ম্যাকলাফলিন জানান, আইস মোট নয়জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে, যাদের বিরুদ্ধে ডাকাতি, গৃহহিংসা, মাদক পাচার, নকল পণ্য বিক্রি, আইনশৃঙ্খলা রক্ষাকারীদের ওপর হামলা ও জালিয়াতির অভিযোগ রয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের অধিকাংশকেই বাইডেন প্রশাসন পূর্বে দেশে প্রবেশের অনুমতি দিয়েছিল।

এই অভিযানকে কেন্দ্র করে নিউইয়র্কে আবারও অভিবাসন নীতি ও মানবাধিকার ইস্যুতে বিতর্ক তীব্র হয়েছে।
বিক্ষোভকারীরা বলছেন, আইস-এর অভিযান রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও বৈষম্যমূলক।

অন্যদিকে আইস দাবি করছে, এটি শহরকে নিরাপদ রাখার জন্য প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন