https://www.prothomalony.com/
15126
decoration
বাংলা গানের ভুবনে এনামুল কবির সুজন এক বহুমাত্রিক নাম। গীতিকবি, সংগঠক, প্রযোজক, আইটি উদ্যোক্তা ও সংস্কৃতিকর্মী, সব পরিচয়ের মধ্যেই তিনি সৃজনশীলতার ছাপ রেখে চলেছেন। প্রায় দেড় দশক ধরে বাংলাদেশের সংগীতাঙ্গনে তার লেখা গান গেয়েছেন দুই বাংলার অসংখ্য জনপ্রিয় ও কিংবদন্তি শিল্পী। সুজনের গানের ভাষা কখনো দেশপ্রেমে উজ্জীবিত, কখনো জীবনের গল্পে বোনা, আবার কখনো ভালোবাসা ও মানবিকতার সুরে ভরপুর।
সুজনের লেখা প্রথমদিকের গানগুলোর সুরকার ছিলেন বাসুদে, যার সুরে সাবিনা ইয়াসমিন ও জেমসের কণ্ঠে প্রকাশ পায় তার লেখা গান। এরপর একে একে তার গানের পরিধি ছড়িয়ে পড়ে দুই বাংলায়। ওপার বাংলার কিংবদন্তি শিল্পী কবীর সুমন ও নচিকেতা তাঁর লেখা গানে কণ্ঠ দিয়ে প্রশংসা কুড়িয়েছেন। বাংলাদেশের সংগীতাঙ্গনের খ্যাতিমান শিল্পী—খালিদ (চাইম), রথীন্দ্রনাথ রায়, আসিফ আকবর, পান্থ কানাই, কৃষ্ণকলি, মাহাদি, রাজিব, সন্দীপন, আঁখি আলমগীর, সালমা, কোণাল, কর্নিয়া, কিশোর, অবন্তি সিঁথি, ঐশীসহ অসংখ্য শিল্পী তাঁর গান গেয়ে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।

তার লেখা “বাংলাদেশ আমার” শিরোনামের দেশাত্মবোধক গানটি দেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত হয়েছিল। এ গানটিকে অনেকে বিশ্বের একমাত্র গান হিসেবে উল্লেখ করেন, যা একটি দেশের সাধুভাষা, সব আঞ্চলিক ভাষা, সব নৃতাত্ত্বিক ভাষা, ইংরেজি এবং সাইন ল্যাঙ্গুয়েজে প্রকাশিত হয়েছে। এটি শুধু একটি গান নয়, বরং ভাষা ও সংস্কৃতির ঐক্যের প্রতীক হিসেবে সঙ্গীতপ্রেমীদের মনে স্থায়ী আসন করে নিয়েছে।
গীতিকবিতার পাশাপাশি সুজন সংস্কৃতি অঙ্গনে নেতৃত্বের ভূমিকা পালন করে আসছেন দীর্ঘদিন ধরে। তিনি বাংলাদেশের গীতিকবিদের প্রধান সংগঠন ‘বিথি কবি শঙ্খ বাংলাদেশ’ (Lyricists Association of Bangladesh)-এর গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন এবং বর্তমানে সংগঠনটির ফিন্যান্স সেক্রেটারি হিসেবে কাজ করছেন। তাঁর নেতৃত্বে সংগঠনটি গীতিকবিদদের অধিকার, সম্মান ও মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

সংগীত ও সংগঠন ছাড়াও এনামুল কবির সুজনের পদচারণা রয়েছে নাটক, চলচ্চিত্র ও ইভেন্ট ম্যানেজমেন্ট জগতে। তাঁর প্রযোজিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র “মেইড ইন চিটাগাং” দর্শকপ্রিয়তা অর্জন করেছে, আর তাঁর প্রযোজিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “বকুল ফুল” জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য বিবেচনাধীন রয়েছে। এর মাধ্যমে তিনি প্রমাণ করেছেন যে শিল্পের প্রতি তাঁর আগ্রহ কেবল গানের কথায় সীমাবদ্ধ নয়, বরং সব মাধ্যমেই তিনি নিজের সৃজনশীলতা প্রকাশ করতে চান।
তার লেখা জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে জীবন, বাংলাদেশ আমার, কিছু কিছু কথা, ভুল পথ, শান্তি আসুক ফিরে, মায়ার বাঁধন, আর দিওনা যন্ত্রণা, প্রাণের সুজন, নীল দেয়াল, একটা গন্ধ জড়ায় থাকে, এবং একুশের গান। প্রতিটি গানে ফুটে ওঠে তাঁর গভীর ভাবনা, সামাজিক বাস্তবতা এবং মানবিক আবেদন।

গান, কবিতা, সিনেমা, সব ক্ষেত্রেই এনামুল কবির সুজন আজ এক অনুপ্রেরণার নাম। আধুনিক গানের ধারা ও বাংলা সংস্কৃতির ঐতিহ্যকে একসঙ্গে বয়ে নিয়ে চলছেন তিনি, যা তাঁকে আলাদা করে রেখেছে প্রজন্মের অনেক গীতিকবির ভিড় থেকে। তাঁর সৃষ্টিশীল যাত্রা যেন বাংলা গানকে আরও সমৃদ্ধ ও বৈচিত্র্যময় করে তোলার প্রত্যয়ে।
সাজসজ্জা থেকে আরো পড়ুন