https://www.prothomalony.com/

15069

new-york

নিউইয়র্ক

শিক্ষানুরাগী প্রবাসী মোশারফ হোসেন খান চৌধুরীকে সংবর্ধনা

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫ ১৫:৪২

প্রবাসী বাংলাদেশি ফোরাম ইনক ইউএসএ আয়োজিত এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠিত হচ্ছে আগামী শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, বিকেল ৪টায় জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে (৩৭-০৬, ৭৭ স্ট্রিট)। অনুষ্ঠানে শিক্ষানুরাগী প্রবাসী মোশারফ হোসেন খান চৌধুরীকে সম্মাননা জানানো হবে তাঁর সমাজসেবা, শিক্ষা বিস্তার এবং মানবকল্যাণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ।

অনুষ্ঠানের প্রস্তুতি কমিটির আহ্বায়ক ফখরুল আলম, সদস্য সচিব সামছুদ্দীন আহমেদ শামীম এবং আয়োজকদের অন্যতম সারোয়ার হোসাইন জানান, সমাজে যারা প্রবাসেও থেকে বাংলাদেশের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন, তাদের সম্মান জানাতে এই আয়োজন করা হয়েছে।

মোশারফ হোসেন খান চৌধুরী একাধারে একজন সমাজসেবক, শিক্ষানুরাগী এবং প্রবাসী নেতৃস্থানীয় ব্যক্তিত্ব। নিজ এলাকায় উচ্চশিক্ষা বিস্তারে তাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। তাঁর অবদানে অসংখ্য মেধাবী ছাত্রছাত্রী আজ আলোকিত জীবনের পথে এগিয়ে চলেছে। শিক্ষা ও মানবিকতার প্রতি তাঁর এই অনুরাগ তাঁকে ভিন্ন মর্যাদায় পৌঁছে দিয়েছে।

তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে থেকেও বাংলাদেশের তরুণ প্রজন্মকে শিক্ষার আলোয় আলোকিত করতে কাজ করে যাচ্ছেন। তাঁর সহায়তায় স্থাপিত হয়েছে বিভিন্ন স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠান, যার মাধ্যমে শত শত শিক্ষার্থী উপকৃত হচ্ছে।

প্রবাসী বাংলাদেশি সমাজে তিনি পরিচিত একজন পরিশ্রমী, নীতিবান ও সেবামনস্ক সংগঠক হিসেবে। সমাজে ঐক্য, সহযোগিতা ও উন্নয়নের প্রয়োজনে তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাঁর কর্মজীবনের সাফল্য এবং মানবকল্যাণে অবদান ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে নানা মহলে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসী নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন