https://www.prothomalony.com/
15020
new-york
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫ ০৬:২৬
নিউইয়র্কে সম্প্রতি চালু হওয়া ইনফ্লেশন রিফান্ড চেক নিয়ে প্রতারণার শঙ্কা তৈরি হয়েছে। স্ক্যামাররা ভুয়া টেক্সট, ইমেইল, ভয়েস মেসেজ এবং সরাসরি ডাকযোগে মেসেজ পাঠিয়ে ব্যক্তিদের ব্যক্তিগত তথ্য চাচ্ছে। এই মেসেজগুলোতে দাবি করা হচ্ছে, রিফান্ড চেক পাওয়ার জন্য নির্দিষ্ট পেমেন্ট তথ্য সরবরাহ করতে হবে। এমন পরিস্থিতিতে ক্ষতি এড়াতে সকলকে বাড়তি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।
জানা গেছে, ৮.২ মিলিয়ন নিউ ইয়র্কবাসীকে ২০২৫ সালের সেপ্টেম্বরে শুরু হওয়া এই এককালীন রিফান্ড চেকের মাধ্যমে সহায়তা প্রদান করা হচ্ছে। চেকের পরিমাণ ১৫০ থেকে ৪০০ ডলার পর্যন্ত। যা আয় ও ফাইলিং স্ট্যাটাসের ওপর নির্ভর করে। যেমন, একক ফাইলারদের জন্য আয় ৭৫ হাজার পর্যন্ত হলে ২০০ ডলার। ৭৫ গাজার থেকে ১ লাখ ৫০ হাজার পর্যন্ত হলে ১৫০ ডলার রিফান্ড দেওয়া হচ্ছে। যুগল ফাইলারদের জন্য আয় ১ লাখ ৫০ হাজার পর্যন্ত হলে ৪০০। ১ লাখ ৫০ হাজার থেকে ৩ লাখ পর্যন্ত হলে ৩০০ ডলার রিফান্ড প্রদান করা হচ্ছে। এই রিফান্ড চেক সরাসরি ডাকযোগে পাঠানো হচ্ছে এবং কোনো আবেদন বা অতিরিক্ত তথ্য প্রদান প্রয়োজন নয়।
গভর্নর ক্যাথি হোকুল এই প্রতারণার বিরুদ্ধে সতর্ক করেছেন। তিনি জানিয়েছেন, নিউইয়র্কবাসীকে কোনো অতিরিক্ত তথ্য প্রদান করতে হবে না ইনফ্লেশন রিফান্ড চেক পাওয়ার জন্য। তিনি আরও বলেন, ট্যাক্স ডিপার্টমেন্ট বা আইআরএস কখনোই ফোন, টেক্সট বা ইমেইলের মাধ্যমে ব্যক্তিগত তথ্য চায় না।
নিউইয়র্ক স্টেট ট্যাক্স ডিপার্টমেন্টও সতর্কতা জারি করেছে। তারা জানিয়েছে, যদি কেউ ইনফ্লেশন রিফান্ড চেক সম্পর্কে ফোন, টেক্সট বা ইমেইলের মাধ্যমে যোগাযোগ করে এবং ব্যক্তিগত তথ্য চায়, তাহলে তা প্রতারণা হতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের প্রতারণা থেকে বাঁচতে, কোনো সন্দেহজনক বার্তা পেলে তা মুছে ফেলুন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান। তারা আরও বলেন, সরকারি সংস্থাগুলো কখনোই ফোন বা ইমেইলের মাধ্যমে ব্যক্তিগত তথ্য চায় না।
যদি কেউ এই ধরনের প্রতারণার শিকার হন বা সন্দেহজনক কোনো মেসেজ পান, তাহলে তা অবিলম্বে ব্লক করে মুছে ফেলুন এবং নিউ ইয়র্ক স্টেট ট্যাক্স ডিপার্টমেন্টে রিপোর্ট করুন। রিপোর্ট করার জন্য ফোন নম্বর: (518) 457-0578 এবং ইমেইল: [email protected]।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন