https://www.prothomalony.com/

14971

new-york

নিউইয়র্ক

শাটডাউনে নিউইয়র্কে অভিবাসন আদালতের কার্যক্রমে স্থবির, গ্রেপ্তার অব্যাহত

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫ ১০:৫৭

যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় সরকারের শাটডাউনের কারণে নিউইয়র্ক সিটির লোয়ার ম্যানহাটনের ২৬ ফেডারেল প্লাজা ভবনে অবস্থিত অভিবাসন আদালতের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। আশ্রয়প্রার্থীরা নির্ধারিত সময়ে হাজির হলেও তাদের শুনানি হঠাৎ করেই বাতিল বা পিছিয়ে দেওয়া হয়। ফলে আদালতকক্ষগুলো স্বাভাবিক দিনের তুলনায় এক-তৃতীয়াংশ মাত্র সক্রিয় ছিল।

বিচারক ও আইনজীবীরা অনুবাদ সেবা সঠিকভাবে সমন্বয় না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন। প্রশাসনিক কর্মকর্তারাও দিনভর বিভ্রান্ত ছিলেন কোন কার্যক্রম চালু থাকবে আর কোনটি স্থগিত করা হবে তা নিয়ে।

তবে আদালতের অচলাবস্থা আটক অভিযানকে থামাতে পারেনি। বুধবার অন্তত তিনজনকে ফেডারেল এজেন্টরা গ্রেপ্তার করে, যদিও তাদের শুনানি বাতিল হয়ে গিয়েছিল। ভবনের করিডোরে মুখোশ পরিহিত এজেন্টদের টহল আরও চাপা উত্তেজনা সৃষ্টি করেছে।

মঙ্গলবার পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা আদালতের বাইরে অবস্থান নিলে ফেডারেল এজেন্টরা এলাকা খালি করার সময় ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এতে একজন ভিডিও সাংবাদিক আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।

সাধারণত এ ভবনে অভিবাসন আদালতের শুনানি বিকেল পর্যন্ত চলে। কিন্তু বুধবার দুপুরের মধ্যেই অধিকাংশ কার্যক্রম বন্ধ হয়ে যায়। এক আদালতকর্মী অবাক হয়ে বলেন, শাটডাউন সত্ত্বেও তাঁদের অফিস পুরোপুরি বন্ধ হয়নি; বরং বারবার নতুন নির্দেশনা এসেছে কোন কাজ চালিয়ে যেতে হবে আর কোনটি বন্ধ রাখতে হবে।

বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের শাটডাউন অভিবাসন প্রক্রিয়াকে আরও জটিল করে তুলছে এবং আশ্রয়প্রার্থীদের অনিশ্চয়তা বাড়াচ্ছে। একই সঙ্গে প্রশাসনের কঠোর নজরদারি ও আটক অভিযান অভিবাসীদের আতঙ্কও বাড়িয়ে দিচ্ছে।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন