https://www.prothomalony.com/

14924

new-york

নিউইয়র্ক

দেশ পুনর্গঠনে প্রবাসীদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

নিউইয়র্কে বিডার আয়োজনে ‘এনআরবি কানেক্ট ডে’

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৪৫

জুলাই বিপ্লবের পর সৃষ্ট পরিবর্তনকে এগিয়ে নিতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দেশ পুনর্গঠন প্রক্রিয়ায় অংশ নিতে প্রবাসীদের প্রতি আহ্বানও জানান তিনি।

শনিবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে এনআরবি কানেক্ট ডে’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে সঞ্চালনা করেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

প্রধান উপদেষ্টা বলেন, এখন দেশের পুনর্গঠনের কাজ চলছে। এ সময় একবছর আগে কী পরিস্থিতিতে সরকার গঠন করতে হয়েছিল, সেই অভিজ্ঞতার কথাও বলেন তিনি।

রেমিট্যান্স প্রবাহে ২১ শতাংশেরও বেশি প্রবৃদ্ধি অর্জনে প্রবাসী বাংলাদেশিদের প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি বিনিয়োগ-বান্ধব পরিবেশ তৈরিতে সরকারের পদক্ষেপও তুলে ধরেন তিনি।

ড. ইউনূস প্রবাসীদের বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বর্ণনা করে বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে শুরু হওয়া পরিবর্তনগুলোর অগ্রগতিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
 

তিনি বলেন, ‘আমরা সবসময়ই আপনাদের সম্পৃক্ত করার পরিকল্পনা করেছি এবং আপনারা কীভাবে যুক্ত হতে পারেন তার পথ খুঁজেছি। আপনাদের দেখে আমরা নতুন উদ্দীপনা নিয়ে দেশে ফেরার আত্মবিশ্বাস পাচ্ছি।’

তিনি আরও বলেন, গ্যালারি থেকে কথা বলা খুব সহজ, কিন্তু আমরা চাই আপনারা মাঠে নেমে একসঙ্গে খেলুন।

প্রধান উপদেষ্টা বলেন, এই সফরে রাজনৈতিক নেতাদের আমাদের সঙ্গে যোগ দিতে দেখে আমার আত্মবিশ্বাস আরও বেড়েছে।


অনুষ্ঠানের শুরুতে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জুলাই অভ্যুত্থানের পর গত ১৫ মাসে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরেন।

তিনি বলেন, প্রবাসীদের অবদানে রেমিট্যান্স প্রবাহ ২১ শতাংশের বেশি বেড়েছে এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির জন্য সরকারের নেওয়া উদ্যোগগুলোও তিনি তুলে ধরেন।

তিনি প্রবাসীদের অব্যাহত সমর্থন কামনা করেন এবং আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে ভোট প্রদানের পদ্ধতি সম্পর্কে তাদের অবহিত করেন।

এরপর ‘ব্রিজিং বর্ডারস: কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ডায়াসপোরা এনগেজমেন্ট’ শীর্ষক একটি প্যানেল আলোচনা হয়। প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুতফে সিদ্দিকির সঞ্চালনায় প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল ও আরও তিনজন আলোচনায় অংশ নেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের এবং ন্যাশনাল সিটিজেন পার্টির সদস্য-সচিব আক্তার হোসেন বাংলাদেশে জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ের রাজনৈতিক ভিশন তুলে ধরে বক্তব্য দেন।

পরে ‘শেপিং টুমরো: দ্য ফিউচার অব বাংলাদেশ’ শীর্ষক আরেকটি প্যানেল আলোচনার সঞ্চালনা করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। আলোচনায় অংশ নেন এনসিপি নেত্রী তাসনিম জারা, বিএনপি নেতা হুমায়ুন কবীর এবং জামায়াত নেতা নকিবুর রহমান।

এছাড়াও, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফী সিদ্দিকী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, আইন উপদেষ্টা আসিফ নজরুল উপস্থিত ছিলেন।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন