https://www.prothomalony.com/
14920
new-york
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৪০
নিউইয়র্কে বিডার আয়োজনে ম্যারিয়ট মার্কুইস হোটেলে আজ বিকেলে অনুষ্ঠিত হতে যাওয়া ‘এনআরবি কানেক্ট ডে’ ঘিরে অনলাইন রেজিস্ট্রেশন ও মোবাইল ফোন ছাড়া অনুষ্ঠানে অংশ নেওয়ার প্রবেশনীতিকে কেন্দ্র করে স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে অসন্তোষ সৃষ্টি হয়েছে। এমনকি সাথে মোবাইল ফোন রাখতে পারবেন না সাংবাদিকরাও। ফোন নিয়ে প্রবেশ নিষেধাজ্ঞার কারণে সাংবাদিকদের নিয়মিত কাজ বাধাগ্রস্ত হবে বলে মনে করেন স্থানীয় সাংবাদিকরা। এছাড়ও অনেকের অভিযোগ, তারা অনলাইনে আবেদন করলেও শুধুমাত্র আয়োজকদের পছন্দমত ব্যক্তিদের রেজিস্ট্রেশন নিশ্চিত করা হয়েছে, যার ফলে তারা প্রত্যাখ্যাত হয়েছেন। যে কারণে রেজিস্ট্রেশন প্রক্রিয়া ও প্রবেশনীতিকে কেন্দ্র করে কমিউনিটিতে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং অনুষ্ঠানের জনপ্রিয়তা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।
এদিকে প্রধান উপদেষ্টার নিউইয়র্কে আগমনের দিন থেকে শুরু করে স্থানীয় আওয়ামীলীগের একের পর এক সহিংস কার্যক্রমের পর বিডার এ আয়োজনকে ঘিরেও বাড়ছে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ। রয়েছে বিক্ষোভ ও সংঘর্ষের আশঙ্কাও। এই অবস্থায় অংশগ্রহণকারীরা বলছেন, জরুরি পরিস্থিতিতে ফোন থাকলে তারা স্থানীয় পুলিশ বা পরিচিতদের সঙ্গে দ্রুত যোগাযোগ করে সুরক্ষা চাইতে পারতেন। ফোন বিহীন প্রবেশ নীতির ফলে অনেকে নিজ নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছেন।
রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় পরিচিত ও পছন্দমত ব্যক্তিকে অগ্রাধিকার দেয়া এবং নিরাপত্তা নীতিমালা নিয়ে কমিউনিটিতে উত্তেজনা বিরাজ করছে। অংশগ্রহণকারীরা আশা করছেন নির্ধারিত সময়ের মধ্যে আয়োজকরা ফলপ্রসূ ব্যাখ্যা ও প্রতিরোধমূলক ব্যবস্থা প্রদান করবেন, যাতে এই গুরুত্বপূর্ণ আয়োজনটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হতে পারে।
উল্লেখ্য, ‘এনআরবি কানেক্ট ডে’ একটি বিশেষ সমাবেশ, যেখানে ব্যবসা, একাডেমিয়া, স্বাস্থ্যসেবা, প্রযুক্তি এবং সামাজিক উন্নয়নসহ নানা খাতের ৫০০ প্রবাসী বাংলাদেশিকে (এনআরবি) একত্রিত করা হবে। এই আয়োজনে বাংলাদেশে বিনিয়োগ ও সুযোগ অনুসন্ধান, নাগরিক সেবা গ্রহণ এবং টেকসই সামাজিক ও অর্থনৈতিক প্রভাব সৃষ্টিতে প্রবাসী সম্পৃক্ততা জোরদার করার পাশাপাশি, প্রবাসীরা নীতিনির্ধারক ও প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি তাদের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও ধারণা ভাগ করে নেওয়ার সুযোগ পাবেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। এছাড়াও বক্তব্য রাখবেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা ইস্যুর উচ্চ প্রতিনিধি ড. খালিলুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন