https://www.prothomalony.com/
14677
new-york
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫ ০৩:২৪
নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস শুক্রবার গ্রেসি ম্যানশনের বাইরে জরুরি সংবাদ সম্মেলনে মেয়র নির্বাচনী প্রচারণা চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তিনি গুঞ্জন অস্বীকার করে বলেন, তিনি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যাচ্ছেন না এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুওমোকে আক্রমণ করে বলেন, “অ্যান্ড্রু কুওমো একজন সাপ ও মিথ্যাবাদী।” একই সঙ্গে তিনি অঙ্গীকার করেন, শীর্ষ প্রার্থী জোহরান মামদানিকেই তিনি পরাজিত করবেন।
অ্যাডামস বলেন, “আমি এই প্রতিযোগিতায় আছি। মামদানিকে হারাতে সক্ষম একমাত্র প্রার্থী আমি।” সাম্প্রতিক সময়ে শোনা যাচ্ছিল, ট্রাম্প প্রশাসন অ্যাডামসকে সৌদি আরবে রাষ্ট্রদূতসহ বিভিন্ন পদে বিবেচনা করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মামদানির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা দুর্বল করতে এ ধরনের পদক্ষেপ নেয়া হতে পারে। তবে অ্যাডামস স্পষ্ট জানান, “নিউ ইয়র্কারদের মেয়র হিসেবেই আমি থাকতে চাই।”
সংবাদ সম্মেলনে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে বলেন, “আমার দুই প্রতিদ্বন্দ্বী আসলে আদুরে সন্তান। তারা রূপার চামচ মুখে নিয়ে জন্মেছে। তারা কর্মজীবী নিউ ইয়র্কারদের মতো সংগ্রাম জানে না। আমি নিউ ইয়র্কের কর্মজীবী মানুষের প্রতিনিধি।”
জরিপে বর্তমানে এগিয়ে আছেন জোহরান মামদানি। আর কুওমো রয়েছেন দ্বিতীয় স্থানে। রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, প্রতিযোগিতা যদি এক-একজনের মধ্যে সীমাবদ্ধ হয়, তবে কেবল কুওমোই মামদানিকে টক্কর দিতে পারেন। এদিকে বৃহস্পতিবার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন, “আমি চাই দু’জন প্রার্থী প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াক।” তবে তিনি নির্দিষ্ট করে কারা সরে দাঁড়াবেন, তা উল্লেখ করেননি।
অ্যাডামস তার অবস্থান স্পষ্ট করে বলেন, “আমাকে বারবার বলা হয়েছে সরে দাঁড়াতে। কিন্তু নিউ ইয়র্কাররা যেমন হাল ছাড়ে না, তাদের মেয়রও তেমন হাল ছাড়বে না।” অন্যদিকে শোনা যাচ্ছে, ট্রাম্প প্রশাসন রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়ার জন্যও পদ বিবেচনা করছে। তবে স্লিওয়া জানিয়েছেন, তাকে এ বিষয়ে কেউ যোগাযোগ করেনি এবং তিনি হোয়াইট হাউসের কোনো পদে আগ্রহী নন।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন