https://www.prothomalony.com/
14435
new-york
‘আমাদের ব্যাংক, আমাদের ভবিষ্যত’ এ স্লোগানকে সামনে রেখে নিউইয়র্কে বাংলাদেশি মালিকানায় গঠিত হয়েছে বেঙ্গল ফেডারেল ক্রেডিট ইউনিয়ন। বুধবার (১৩ আগস্ট) জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে মিট দ্য প্রেস ও কমিউনিটি আউটরিচ উদ্বোধনী অনুষ্ঠানে এ ফেডারেল ক্রেডিট ইউনিয়ন গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রতিষ্ঠানটির ফাউন্ডার ও অর্গানাইজার মুহাম্মদ কাদের সিআইপি। ইতোমধ্যে ন্যাশনাল ক্রেডিট ইউনিয়ন অ্যাডমিনিস্ট্রেশন থেকে নেওয়া হয়েছে প্রতিষ্ঠানের অফিসিয়াল নাম ক্লিয়ারেন্স ও প্রি-অ্যাপ্রুভাল।
ন্যাশনাল ক্রেডিট ইউনিয়ন অ্যাডমিনিস্ট্রেশনের অনুমোদনের মাধ্যমে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানায় প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে একটি পূর্ণাঙ্গ আর্থিক প্রতিষ্ঠান, যা ১২ লাখ বাংলাদেশি-আমেরিকানের জন্য হবে এক নতুন যুগের সূচনা। আগামী ছয় মাসের মধ্যে জামাইকায় প্রধান কার্যালয় ও এক বছরের মধ্যে নিউইয়র্ক সিটিতে পাঁচটি শাখা খোলার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
প্রতিষ্ঠাতা জানায়, বাংলাদেশী কমিউনিটি প্রতিবছর প্রায় ৩০ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠায়, যা নিজেদের আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে আরও সুচারুভাবে বিনিয়োগ ও ব্যবস্থাপনা করা সম্ভব হবে। আর্থিক প্রতিষ্ঠানটির মাধ্যমে সাধারণ ব্যাংকের তুলনায় ৩ থেকে ৬ শতাংশ মুনাফায় হোম ও অটো লোন দেওয়ার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।
বাংলাদেশি-আমেরিকানদের বেঙ্গল ফেডারেল ক্রেডিট ইউনিয়নে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে ‘ফাউন্ডার মেম্বার’ সংগ্রহের ঘোষণাও দেন প্রতিষ্ঠানটির ফাউন্ডার। প্রতিষ্ঠানের পরিকল্পনা অনুযায়ী, ৫০০ প্রবাসীকে মাথাপিছু এক হাজার ডলার বিনিয়োগে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যুক্ত করা হবে জানানো হয়। আর্থিক প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা বোর্ডে রয়েছেন জ্যাকসন হাইটস সিটি কাউন্সিলম্যান প্রার্থী শাহ শহিদুল হক, অল কাউন্টি হেলথকেয়ারের ডিরেক্টর সিফা আমিন, অল কাউন্টি সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার ডিরেক্টর মনিরা মোহিউদ্দিন, মোহাম্মদ আনিছুর রহমান ও মো. সালাউদ্দিন আহমেদ।
মিট দ্য প্রেস ও কমিউনিটি আউটরিচ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনালী এক্সচেইঞ্জ এর সিইও মোহাম্মদ মহসিন কবির, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, কমিউনিটি এক্টিভিস্ট জে মোল্লা সানি। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম ও খতিব মির্জা আবু জাফর বেগ।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন