https://www.prothomalony.com/

14346

new-york

নিউইয়র্ক

যাত্রীদের ফেলে যাওয়া লাগেজের ট্যাগ থেকে ব্যক্তিগত তথ্য চুরি, প্রতারণায় সক্রিয় স্ক্যামাররা

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫ ০২:২৪

নিউইয়র্কের বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের ফেলে যাওয়া ব্যবহৃত লাগেজ ট্যাগ এখন স্ক্যামারদের অন্যতম প্রধান হাতিয়ার হয়ে উঠেছে। এসব ট্যাগে থাকা ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে তারা দাখিল করছে ভুয়া ক্লেইম। এতে করে একদিকে যেমন এয়ারলাইনগুলো আর্থিক ক্ষতির মুখে পড়ছে, অন্যদিকে প্রকৃত যাত্রীরাও পড়ছেন হয়রানির শিকার।

জানা গেছে, ফ্লাইট চলাকালে লাগেজের সঙ্গে যে ট্যাগটি সংযুক্ত করা হয়, সেটিতে থাকা বারকোডে থাকে যাত্রীর নাম, ফ্লাইট নম্বরসহ বিভিন্ন সংবেদনশীল তথ্য। ফ্লাইট শেষে যাত্রীরা এসব ট্যাগ সাধারণত বিমানবন্দরের ভেতরেই ফেলে দেন। এই অবহেলার সুযোগ নিচ্ছে প্রতারক চক্র। তারা এসব ট্যাগ সংগ্রহ করে যাত্রীর নাম ব্যবহার করে দাখিল করছে ভুয়া দাবি—যেখানে বলা হচ্ছে যে লাগেজ হারিয়ে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভ্রমণবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট দ্যা পয়েন্ট গাই এর নিউজ ম্যানেজিং এডিটর ক্লিন্ট হেন্ডারসন জানান, স্ক্যামারদের জন্য যাত্রীর নামই যথেষ্ট। একটি নাম থেকেই তারা সংশ্লিষ্ট তথ্য খুঁজে পেয়ে ভুয়া অভিযোগ দায়ের করছে এবং অনেক ক্ষেত্রে অর্থও হাতিয়ে নিচ্ছে।

যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগের নিয়ম অনুযায়ী, যেকোনো যাত্রী যদি দেখাতে পারেন যে তার লাগেজ হারিয়ে গেছে, দেরিতে এসেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে সংশ্লিষ্ট এয়ারলাইন ক্ষতিপূরণ দিতে বাধ্য। এই ব্যবস্থার অপব্যবহার করেই প্রতারকরা আর্থিক লাভ করছে। এমনকি যখন প্রকৃত যাত্রী নিজের হারানো বা ক্ষতিগ্রস্ত লাগেজের জন্য অভিযোগ দায়ের করতে যাচ্ছেন, তখন অনেক সময় দেখা যাচ্ছে পূর্বেই ওই নাম দিয়ে ভুয়া ক্লেইম করা হয়েছে। এতে করে প্রকৃত দাবি মঞ্জুর হচ্ছে না বা প্রমাণ করতে হচ্ছে অতিরিক্ত প্রক্রিয়ার মাধ্যমে।


ডেল্টা এয়ারলাইন্সের ব্যাগেজ ক্লেইমসের এক ম্যানেজার জানান, সাম্প্রতিক সময়ে ভুয়া দাবির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। তিনি বলেন, প্রায় প্রতিদিনই এমন ভুয়া ক্লেইম যাচাই করতে হচ্ছে। যেগুলোর পেছনে মূলত তথ্য চুরি জড়িত।

বিশেষজ্ঞরা বলছেন, লাগেজ ট্যাগ বা বোর্ডিং পাস যেভাবে যাত্রীদের পরিচয় বহন করে। তেমনভাবেই এগুলোকে গোপনীয় তথ্য হিসেবে বিবেচনা করা উচিত। এগুলোকে সাধারণভাবে রাস্তায় বা এয়ারপোর্টে ফেলে না দিয়ে ঘরে এনে নিরাপদভাবে নষ্ট করে ফেলার পরামর্শ দেওয়া হচ্ছে।

ক্লিন্ট হেন্ডারসন বলেন, আপনার ট্যাগ বা বোর্ডিং পাসকে টাকা বা পরিচয়পত্রের মতো গুরুত্ব দিন। এই কাগজগুলোর মাধ্যমে কেউ আপনার হয়ে ভুয়া দাবি করে আর্থিক সুবিধা নিতে পারে।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন